Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সস্তা থেকে প্রিমিয়াম, ইডেনে বিশ্বকাপ ম্যাচ দেখার পুরো রেটচার্ট প্রকাশ

 

World-Cup-ticket

সমকালীন প্রতিবেদন : টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখার অপেক্ষায় থাকা দর্শকদের জন্য বড় খবর। অবশেষে ইডেনে আয়োজিত বিশ্বকাপের ম্যাচগুলির টিকিটের দাম ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সিএবির তরফে জানানো হয়েছে, সব থেকে কম ১০০ টাকায় ইডেনে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। আবার প্রিমিয়াম হসপিটালিটি বক্সে টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা।

এ বারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ইডেনে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে সেমিফাইনালও রয়েছে। দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচগুলিকে তিনটি ভাগে ভাগ করেছে সিএবি—গ্রুপ পর্বের তুলনামূলক কম আকর্ষণীয় ম্যাচ, বাংলাদেশ যুক্ত গ্রুপ ম্যাচ এবং সুপার এইট ও সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। এই তিন ধরনের ম্যাচের জন্য টিকিটের দামও তিন রকম রাখা হয়েছে।

গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি ম্যাচগুলিতে টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে। আপার ব্লকের বিভিন্ন গ্যালারিতে এই সর্বনিম্ন দামের টিকিট মিলবে। লোয়ার ব্লকের টিকিটের দাম ২০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম রাখা হয়েছে ৪,০০০ টাকা।

বাংলাদেশ যুক্ত গ্রুপ ম্যাচগুলির ক্ষেত্রে টিকিটের দাম তুলনামূলক বেশি। ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের আপার ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা থেকে শুরু হচ্ছে। লোয়ার ব্লকে এই ম্যাচগুলির টিকিটের দাম ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। এই ম্যাচগুলিতে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ধার্য হয়েছে ৫,০০০ টাকা।

সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে সুপার এইট পর্বের ম্যাচ এবং সেমিফাইনালের জন্য। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে আপার ব্লকের টিকিটের দাম ৯০০ টাকা থেকে শুরু করে লোয়ার ব্লকে ৩,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। প্রিমিয়াম হসপিটালিটি বক্সে বসে ম্যাচ দেখার জন্য দর্শকদের গুনতে হবে ১০,০০০ টাকা।

এদিকে, সল্টলেক স্টেডিয়ামে মেসি কেলেঙ্কারির ঘটনার প্রেক্ষিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাড়তি সতর্কতা নিচ্ছে কলকাতা পুলিশ ও প্রশাসন। কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় সিএবিতে এসে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সিএবি সূত্রে খবর, ইডেনে বিশ্বকাপ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা থাকবে সর্বোচ্চ স্তরে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন