সমকালীন প্রতিবেদন : আইপিএলের নতুন মরশুম শুরুর আগেই বড় পরিবর্তনের সম্ভাবনা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আরসিবি ও রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানার অদলবদলের ইঙ্গিত মিলছে কেকেআর-এ। সূত্রের খবর, দলের সহ-মালিক মেহেতা গ্রুপ নিজেদের শেয়ারের একটি বড় অংশ বিক্রি করে মূলধন তুলতে চাইছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন জুহি চাওলাও।
বর্তমানে কেকেআরের মালিকানা মূলত দুই সংস্থার হাতে রয়েছে– শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং জুহি চাওলা ও জয় মেহেতার মেহেতা গ্রুপ। এর মধ্যে রেড চিলিজের হাতে রয়েছে দলের ৫৫ শতাংশ শেয়ার, যার ফলে মূল মালিকানা রয়েছে শাহরুখ খানের হাতেই। বাকি শেয়ার মেহেতা গ্রুপের দখলে। তবে শোনা যাচ্ছে, মেহেতা গ্রুপ তাদের অংশীদারিত্বের একটি অংশ ছেড়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে।
নাইটদের মালিকানা পাওয়ার সময়ের তুলনায় বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির বাজারমূল্য বহুগুণ বেড়েছে। আইপিএলে কেকেআরের সাফল্য, আন্তর্জাতিক জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভ্যালুর কারণেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই বাড়তি মূল্যকে কাজে লাগিয়ে মূলধন বাড়ানোর পরিকল্পনা করছে মেহেতা গ্রুপ। সূত্রের খবর, শেয়ার বিক্রি করে যে অর্থ সংগ্রহ হবে, তা ফের কেকেআরের ফ্র্যাঞ্চাইজি সম্প্রসারণেই ব্যবহার করা হবে।
বিশেষ করে বিদেশি টি-টোয়েন্টি লিগে নতুন দল কেনার ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে। এই মালিকানা বিক্রির প্রক্রিয়া নির্বিঘ্ন করতে মেহেতা গ্রুপ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করতে চলেছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে খুব শীঘ্রই কেকেআরের মালিকানায় নতুন অংশীদার যুক্ত হতে পারে বলে জল্পনা।
তবে মেহেতা গ্রুপ পুরো মালিকানা বিক্রি করবে, না কি আংশিক– তা এখনও স্পষ্ট নয়। আংশিক শেয়ার বিক্রির ক্ষেত্রে জুহি চাওলা ও জয় মেহেতা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকবেন, সঙ্গে আসবেন নতুন বিনিয়োগকারী। তবে একেবারেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও পরিস্থিতিতেই শাহরুখ খান তাঁর শেয়ার বিক্রি করছেন না। ফলে কেকেআরের মূল মালিকানা রেড চিলিজের হাতেই থাকবে।
উল্লেখযোগ্যভাবে, কলকাতা নাইট রাইডার্স আইপিএলের অন্যতম সফল দল। তিনবারের চ্যাম্পিয়ন এবং চারবারের ফাইনালিস্ট এই ফ্র্যাঞ্চাইজি। তার উপর শাহরুখ খানের সঙ্গে কলকাতার নাম যুক্ত থাকায় কেকেআরের আলাদা একটি আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। সেই ব্র্যান্ড ভ্যালুকেই এবার মূলধনে রূপান্তর করতে চাইছে মেহেতা গ্রুপ– এমনটাই ইঙ্গিত দিচ্ছে সংশ্লিষ্ট মহল।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন