Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রাজ্যজুড়ে নিম্নচাপের দাপট, সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস

 

Low-pressure

সমকালীন প্রতিবেদন : রাজ্যের উপর থেকে গভীর নিম্নচাপ সরে গেলেও, স্বস্তি নেই বৃষ্টির দাপট থেকে। বরং নতুন করে সক্রিয় হয়েছে একাধিক মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস জারি রেখেছে হাওয়া অফিস। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজ্যের বহু এলাকা জলমগ্ন। একদিকে যেমন কৃষিকাজে সহায়তা করছে বর্ষা, অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে জলজট ও যাতায়াত সমস্যা।


আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রাজ্য থেকে নিম্নচাপ সরে গেলেও অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। অপরদিকে, মধ্যপ্রদেশের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই নিম্নচাপ অঞ্চল থেকে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত। অন্যদিকে, মৌসুমি অক্ষরেখা বিকানের, কোটা হয়ে মধ্যপ্রদেশ ছুঁয়ে দিঘা পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির উপযোগী পরিবেশ বজায় রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে।


হাওয়া অফিস জানাচ্ছে, আজ সোমবার, ২৮ জুলাই সকাল থেকেই বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা সহ কিছু এলাকায় বজ্রবিদ্যুতের সতর্কতা জারি হয়েছে। এদিন বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মালদহ, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পং-সহ প্রায় গোটা রাজ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


কলকাতার ক্ষেত্রেও একই ছবি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস—দুইই স্বাভাবিকের চেয়ে কম। আকাশ থাকবে মেঘলা, দফায় দফায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। মঙ্গলবার, ২৯ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও পাঁচটি জেলা আপাতত কিছুটা স্বস্তিতে থাকবে। তবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিকে রেহাই দেবে না।


বুধবার, ৩০ জুলাই, উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টি কমার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি একইরকম থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে। তবে বৃষ্টিপাত একেবারে থামবে না। বরং আগামী সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়ে গিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।


উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলকভাবে কম থাকলেও, বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে শ্রাবণের বৃষ্টিতে রাজ্য কার্যত ভিজছে চারদিক দিয়ে। কৃষি এবং পানীয় জলের জন্য যেমন আশার সঞ্চার করছে এই বর্ষা, তেমনই অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় জেলায় নদী উপচে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন