সমকালীন প্রতিবেদন : দেশের অন্যতম আধুনিক ও প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের জন্য একের পর এক নতুন পরিষেবা চালু করছে ভারতীয় রেল। এতদিন বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারে বসে যাতায়াতের সুযোগ ছিল। তবে স্লিপার সংস্করণ চালু হওয়ায় এবার দীর্ঘ দূরত্বের যাত্রীরা ট্রেনে শুয়েও সফর করতে পারছেন। আর এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের টিকিট বুকিংয়ের নিয়মেই এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে রেল। নতুন নিয়ম অনুযায়ী, এই ট্রেনগুলিতে আর থাকছে না কোনও তৎকাল কোটা। অর্থাৎ, যাত্রার ঠিক আগে তৎকাল ব্যবস্থায় টিকিট কেটে বন্দে ভারত স্লিপারে ওঠার সুযোগ আর পাবেন না যাত্রীরা। ফলে এই ট্রেনে সফরের পরিকল্পনা থাকলে অনেক আগে থেকেই টিকিট বুকিং করে রাখতে হবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের তিনটি রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস পরিষেবা চালু রয়েছে। সেগুলি হল হাওড়া-কামাখ্যা-হাওড়া, বারাণসী-নয়াদিল্লি-বারাণসী এবং বেঙ্গালুরু-মুম্বই-বেঙ্গালুরু রুট। সংবাদমাধ্যমের দাবি, এই তিনটি ট্রেনের ক্ষেত্রেই তৎকাল টিকিটের কোনও ব্যবস্থা রাখা হচ্ছে না। ফলে যাত্রীদের টিকিট কাটতে হবে শুধুমাত্র এআরপি (অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড) বা অগ্রিম সংরক্ষণের নিয়ম মেনে। নির্ধারিত সময়ের মধ্যে টিকিট বুকিং করেই যাত্রার আসন নিশ্চিত করতে হবে।
কেন এমন সিদ্ধান্ত নিল রেল? ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলের আধিকারিক ড. শিবম শর্মা জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে তৎকাল কোটা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে। তাঁর বক্তব্য, সাধারণ বা জেনারেল কোটায় সমস্ত আসন বুকিংয়ের জন্য উপলব্ধ থাকলে আরও বেশি সংখ্যক যাত্রী টিকিট পাওয়ার সুযোগ পাবেন। তৎকাল কোটার জন্য আলাদা করে আসন সংরক্ষিত না থাকায় প্রাথমিক বুকিংয়ের সময়ই বেশি আসন সাধারণ যাত্রীদের জন্য পাওয়া যাবে।
তবে রেলের এই সিদ্ধান্ত নিয়ে যাত্রীদের একাংশের মধ্যে প্রশ্নও উঠছে। কারণ, অনেক সময় জরুরি প্রয়োজনে আচমকাই দূরের কোথাও যাওয়ার পরিকল্পনা করতে হয়। সেক্ষেত্রে তৎকাল টিকিটই ভরসা হয়ে ওঠে বহু মানুষের। বন্দে ভারত স্লিপারে সেই সুযোগ বন্ধ হয়ে গেলে শেষ মুহূর্তে যাত্রার পরিকল্পনা করা যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে চিকিৎসা, কাজ কিংবা অন্য কোনও জরুরি প্রয়োজনে যাঁদের হঠাৎ সফর করতে হয়, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কতটা সুবিধাজনক হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ১৬টি কোচ নিয়ে তৈরি বন্দে ভারত স্লিপার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক সফরের জন্য এতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও বিশেষ ব্যবস্থা। কবচ সুরক্ষা প্রযুক্তির পাশাপাশি রয়েছে ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম। ফলে জরুরি পরিস্থিতিতে যাত্রীরা ট্রেনের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
কোচ বিন্যাসের দিক থেকেও বিশেষভাবে সাজানো হয়েছে এই ট্রেন। মোট ১৬টি কোচের মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি টু-টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। একসঙ্গে ৮২৩ জন যাত্রী এই ট্রেনে সফর করতে পারেন। আধুনিক পরিষেবা ও উন্নত নিরাপত্তার পাশাপাশি এবার টিকিট বুকিংয়ের নিয়মেও বড় পরিবর্তন আসছে বন্দে ভারত স্লিপারে। তাই এই ট্রেনে যাত্রার পরিকল্পনা থাকলে শেষ মুহূর্তের অপেক্ষা না করে আগেভাগেই টিকিট সংরক্ষণ করে রাখাই হবে বুদ্ধিমানের কাজ।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন