সমকালীন প্রতিবেদন : ১৬ নভেম্বর, জাতীয় প্রেস দিবস। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা যে কোনও গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর সেই স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়ে নজির তৈরি করেছে দেশের সর্বোচ্চ আদালত। সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা পৃথকভাবে উল্লেখ না থাকলেও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদে স্বীকৃত বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের মধ্যেই সংবাদমাধ্যমের স্বাধীনতা অন্তর্ভুক্ত।
২০২৩ সালে ‘মাধ্যমম ব্রডকাস্টিং বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া’ মামলায় মালয়ালম সংবাদমাধ্যম ‘মিডিয়াওয়ান’-এর সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা তুলে দেয় সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ জানায়, গণতন্ত্রে সংবাদমাধ্যমের কাজ হল ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য তুলে ধরা। সরকারের সমালোচনা করলেই কোনও সংবাদমাধ্যমকে প্রতিষ্ঠানবিরোধী আখ্যা দেওয়া যায় না।
২০২১ সালের পেগাসাস নজরদারি মামলাতেও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে শীর্ষ আদালত। তৎকালীন প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ জানায়, রাষ্ট্রের অনিয়ন্ত্রিত নজরদারি সাংবাদিকতার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে পারে। পাশাপাশি সাংবাদিকদের তথ্যের উৎস বা সোর্সের গোপনীয়তা রক্ষার গুরুত্বও তুলে ধরে আদালত।
২০২৪ সালে ব্লুমবার্গের মামলায় মানহানির অভিযোগে কোনও সংবাদ প্রতিবেদন সরিয়ে দেওয়া কিংবা প্রকাশে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে নিম্ন আদালতগুলিকে সতর্ক করে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, এমন অন্তর্বর্তী নির্দেশ শুধু সাংবাদিক বা লেখকের অধিকারই খর্ব করে না, সাধারণ মানুষের জানার অধিকারেও হস্তক্ষেপ করে।
কোভিড পরিস্থিতিতে নির্বাচনী সমাবেশ নিয়ে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিদের মৌখিক মন্তব্য প্রকাশ বন্ধের আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, বিচার চলাকালীন বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ সংবাদমাধ্যমে প্রকাশ করা যায়।
এছাড়াও ২০২৫ সালে উইকিপিডিয়ার একটি পাতা সরানো নিয়ে দিল্লি হাইকোর্টের আদালত অবমাননার নির্দেশ বাতিল করে শীর্ষ আদালত। আদালতের মতে, সংবাদমাধ্যম কী প্রকাশ করবে, তা নির্ধারণ করা বিচার বিভাগের কাজ নয়।
অন্যদিকে, সাংবাদিক অভিষেক উপাধ্যায়ের ব্যক্তিগত তথ্য ও তথ্যের উৎস জানার চেষ্টা করে উত্তরপ্রদেশ পুলিশের পাঠানো নোটিসও বাতিল করে সুপ্রিম কোর্ট। বিভিন্ন সময়ে শীর্ষ আদালতের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা শুধু সাংবাদিকদের ব্যক্তিগত অধিকার নয়, গণতন্ত্রকে সচল রাখার অন্যতম প্রধান শর্ত।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন