সমকালীন প্রতিবেদন : কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে কুরুচিকর ভাষায় আক্রমণের ঘটনায় এ বার প্রতিবাদে সরব হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। অভিযুক্ত রাজীব গোস্বামীর গ্রেপ্তার-সহ একাধিক দাবিতে আগামী বুধবার বনগাঁ পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। সোমবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, শান্তনু ঠাকুরের সম্মানহানির প্রতিবাদে এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবিতে আগামী ১৮ নভেম্বর এই কর্মসূচি পালন করা হবে।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা জানান, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরকে রাজীব গোস্বামী নামে এক ব্যক্তি অশালীন ও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন। এই ঘটনায় রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে দাবি সংগঠনের। কিন্তু অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ করেনি বলে অভিযোগ উঠেছে। সেই কারণেই এ বার সরাসরি বনগাঁর পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হবে।
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে সাম্প্রতিক এনকাউন্টার নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন শান্তনু ঠাকুর। পুলিশের পদক্ষেপকে সমর্থন করে তিনি বলেন, পুলিশ যা করছে, ঠিকই করছে। তাঁর বক্তব্য, পুলিশকর্মীদের উপর হামলা হলে আত্মরক্ষার অধিকার পুলিশের রয়েছে। এনকাউন্টারের মতো ঘটনা ঘটলে দুষ্কৃতীরা অপরাধ করার আগে একাধিকবার ভাববে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
অন্যদিকে, রবিবার বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহে আয়োজিত মিলন উৎসবে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও সরব হয়েছিলেন শান্তনু। দলের অন্দরের সংঘাতের কথা কার্যত স্বীকার করে নিয়ে তিনি বলেছিলেন, যারা মারছে তারাও বিজেপি, আবার যারা মার খাচ্ছে তারাও বিজেপির কর্মী। এই পরিস্থিতি কোনওভাবেই চলতে দেওয়া যায় না। নিজেদের বড় নেতা মনে করে যাঁরা ইচ্ছেমতো কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। একইসঙ্গে দলের কর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনায় নীরব থাকা পুলিশকর্মীদের বিরুদ্ধেও পদক্ষেপের কথা জানান।
মিলন উৎসবে বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার অনুপস্থিতি নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তাঁর অনুপস্থিতি ঘিরে বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে প্রশ্ন উঠলেও সাংবাদিকদের তরফে নাম করে জানতে চাওয়া হলে সেই প্রসঙ্গ এড়িয়ে যান শান্তনু। একদিকে নিজের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মতুয়া মহাসংঘের ডেপুটেশন কর্মসূচি, অন্যদিকে বিজেপির অন্দরের সংঘাত এবং পুলিশের ভূমিকা নিয়ে শান্তনুর একের পর এক মন্তব্য—বনগাঁর রাজনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন