সমকালীন প্রতিবেদন : চাঁদের মাটিতে কি সত্যিই সম্ভব ফসল ফলানো? এত দিন এই প্রশ্ন ঘিরে বিজ্ঞানীদের মধ্যে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এবার সেই গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পেলেন আমেরিকার ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। চাঁদের মাটির আদলে তৈরি বিশেষ উপাদানে সফল ভাবে আলু চাষ করে দেখালেন তাঁরা। এই গবেষণা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চন্দ্রাভিযানে মহাকাশচারীদের খাবারের জোগান নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে। মহাকাশ গবেষণায় এই সাফল্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।
চাঁদে দীর্ঘদিনের জন্য মহাকাশচারীদের পাঠানো এবং সেখানে স্থায়ী গবেষণাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমেরিকা-সহ একাধিক দেশের। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বড় সমস্যা খাবারের জোগান। দীর্ঘ সময়ের অভিযানে পৃথিবী থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বহন করে নিয়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন। তাই চাঁদের মাটিতেই খাদ্য উৎপাদনের ব্যবস্থা গড়ে তোলা বিজ্ঞানীদের অন্যতম লক্ষ্য। সাম্প্রতিক গবেষণা সেই সম্ভাবনাকে আরও জোরালো করল।
ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদ-জীববিজ্ঞানী অ্যামেরিক গয়ার এবং তাঁর সহযোগীরা এই পরীক্ষায় ‘মোডক’ প্রজাতির আলু ব্যবহার করেন। দ্রুত ফলন দেওয়ার ক্ষমতার জন্য এই জাতটিকে বেছে নেওয়া হয়েছিল। তবে চাঁদের মাটিতে চাষ করা মোটেও সহজ নয়। চন্দ্রপৃষ্ঠের মাটি মূলত পাথরের গুঁড়ো ও ধুলোর মিশ্রণ, যা ‘লুনার রেগোলিথ’ নামে পরিচিত। এতে পৃথিবীর মাটির মতো প্রয়োজনীয় জৈব পদার্থ ও নাইট্রোজেন নেই। পাশাপাশি কিছু ভারী ধাতুর উপস্থিতিও উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে।
এই সমস্যা কাটাতে গবেষকরা কৃত্রিম ভাবে তৈরি রেগোলিথের সঙ্গে ভার্মিকম্পোস্ট মিশিয়ে পরীক্ষা চালান। কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য পচিয়ে তৈরি এই সার গাছের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে। পরীক্ষায় দেখা যায়, কোনও জৈব সার না মেশানো রেগোলিথে আলু গাছের শিকড় বা কন্দ তৈরি হয়নি। অন্যদিকে, ৯৫ শতাংশ কৃত্রিম চন্দ্রমাটি এবং ৫ শতাংশ জৈব সারের মিশ্রণে আলুর শিকড় ও কন্দের বৃদ্ধি লক্ষ্য করা যায়। আবার ৩০ শতাংশ জৈব সার মেশানো মাটিতে উৎপাদিত আলুর আকার পৃথিবীর মাটিতে ফলানো আলুর সঙ্গে তুলনীয় ছিল।
যদিও পরীক্ষায় উৎপন্ন আলুগুলির ওজন ১০ গ্রামেরও কম। গবেষকদের ধারণা, ছোট পাত্রে চাষ করার কারণেই আলুগুলি আকারে ছোট হয়েছে। বড় পাত্রে চাষ করলে আরও বড় আলু উৎপাদন সম্ভব হতে পারে। আপাতত উৎপন্ন আলু খেয়ে দেখেননি বিজ্ঞানীরা। পুষ্টিগুণ-সহ বিভিন্ন বৈশিষ্ট্য পরীক্ষার জন্য সেগুলি গবেষণাগারে পাঠানো হয়েছে।
তবে এই গবেষণার সাফল্যই যে চাঁদে অবাধে কৃষিকাজের পথ খুলে দিল, এমনটা এখনই বলা যাচ্ছে না। চাঁদের পরিবেশে জল, পুষ্টি, আলো এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানের জোগান নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে কৃত্রিম চন্দ্রমাটিতে ছোলা, টমেটো, শাক ও শিমজাতীয় উদ্ভিদ চাষ নিয়েও গবেষণা চলছে। পৃথিবীর বাইরে খাদ্য উৎপাদনের স্বপ্ন বাস্তবায়নের পথে বিজ্ঞানীদের এই পরীক্ষা নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন