সমকালীন প্রতিবেদন : স্টেশন চত্বরে বয়স্ক মানুষদের নিশানা করে অভিনব কায়দায় প্রতারণা। মোটা টাকার বান্ডিল দেখিয়ে তাঁদের বিশ্বাস অর্জন, তারপর কৌশলে হাতিয়ে নেওয়া হচ্ছে গায়ে থাকা সোনার গয়না। এমনই এক প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বনগাঁ জিআরপি। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রতারণা করে হাতিয়ে নেওয়া গয়নার একটি অংশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্টেশন এলাকায় বয়স্ক যাত্রীদের লক্ষ্য করে প্রতারণার ফাঁদ পাতছিল অভিযুক্তরা। প্রথমে তাঁদের সঙ্গে আলাপ জমাত প্রতারকরা। এরপর নিজেদের কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে, এমনটা বোঝাতে মোটা টাকার বান্ডিল দেখানো হত। সেই টাকার প্রলোভন কিংবা নানা কথার জালে বয়স্কদের বিশ্বাস অর্জন করত তারা। এরপর সুযোগ বুঝে তাঁদের কাছ থেকে সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দিত অভিযুক্তরা। এভাবেই একাধিক ব্যক্তিকে প্রতারণার শিকার করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনার তদন্তে নেমে বনগাঁ জিআরপি প্রথমে জগদীশ গাইন ও জয়দেব ঘোষ নামে দু’জনকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত আরও এক ব্যক্তির সন্ধান পান তদন্তকারীরা। সেই সূত্র ধরেই হাবড়ার সোনাপট্টিতে হানা দিয়ে ভোলা কর্মকার ওরফে রাজুকে গ্রেফতার করা হয়। অভিযোগ, প্রতারণা করে হাতিয়ে নেওয়া সোনার গয়না কিনত সে। পরে সেগুলি গলিয়ে ফেলা হত, যাতে আসল মালিকের পক্ষে গয়না শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
ধৃত ভোলা কর্মকারের কাছ থেকে সাড়ে চার গ্রাম গলানো সোনা উদ্ধার করেছেন তদন্তকারীরা। শনিবার তাকে বনগাঁ আদালতে পেশ করে জিআরপি। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, প্রতারণার শিকার মানুষের সংখ্যা কত, কিংবা হাতিয়ে নেওয়া বাকি গয়না কোথায় রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন