Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যশস্বীকে পেতে ২৫ কোটির গ্রিনকেও ছাড়তে রাজি কেকেআর!

 ‌

Kolkata-Knight-Riders

সমকালীন প্রতিবেদন : আইপিএল ২০২৭-এর আগে দল গোছাতে বড়সড় পরিকল্পনা করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গত মরশুমের ব্যর্থতা ভুলে নতুন করে শক্তিশালী দল গড়তে চায় তিনবারের চ্যাম্পিয়নরা। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁকে দলে পেতে প্রয়োজনে ২৫ কোটি টাকার ক্যামেরন গ্রিনকেও ছেড়ে দিতে প্রস্তুত নাইট শিবির। এমনই জল্পনা ঘিরে ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা। শুধু গ্রিন নন, আরও একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়ে দল পুনর্গঠনের পথে হাঁটতে পারে কলকাতা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেকেআর বর্তমানে একজন ভারতীয় ওপেনারের সন্ধানে রয়েছে। তরুণ যশস্বীকে তাই তাদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে রাখা হয়েছে। গত নিলামে ২৫.২০ কোটি টাকা খরচ করে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি অস্ট্রেলীয় অলরাউন্ডার। ফলে তাঁকে রাজস্থান রয়্যালসের কাছে ছেড়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। প্রয়োজনে আর্থিক ক্ষতি স্বীকার করতেও আপত্তি নেই নাইট ম্যানেজমেন্টের।

গ্রিনের পাশাপাশি রমনদীপ সিং কিংবা কার্তিক ত্যাগীর মধ্যে একজনকেও ছেড়ে দিতে পারে কেকেআর। অর্থাৎ, একজন ক্রিকেটারের পরিবর্তে দু'জনকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের নিয়ে কোনওরকম সমঝোতা করতে নারাজ নাইট কর্তৃপক্ষ। অন্যদিকে, গ্রিন দলে এলে স্যাম কারেনকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ, দু'জনেই অলরাউন্ডার হওয়ায় বিদেশি ক্রিকেটারদের ভারসাম্য বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যশস্বীকে পাওয়ার দৌড়ে অবশ্য রয়েছে লখনউ সুপার জায়ান্টসও।

যশস্বীর রাজস্থান ছাড়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর দাবি, রাজস্থানে খুব একটা খুশি নন এই তরুণ ওপেনার। দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা থাকলেও সেই সুযোগ পাচ্ছেন না তিনি। ইরফানের কথায়, কলকাতা কিংবা লখনউ, যে দলেই যান না কেন, নেতৃত্বের দায়িত্ব পাওয়ার প্রত্যাশা থাকতে পারে যশস্বীর।

এদিকে, নাইটদের সামনে রয়েছে আরও একটি বড় আর্থিক হিসাব। ক্যামেরন গ্রিন ও মাথিশা পাথিরানার পিছনে মোট ৪৩.২০ কোটি টাকা বিনিয়োগ করেও গত মরশুমে প্রত্যাশিত ফল পায়নি দল। ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে কেনা হলেও চোটের কারণে তিনি মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন। ফলে আগামী মরশুমে তাঁকে রাখা কতটা লাভজনক হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। তাঁর ফিটনেস ও দলের হয়ে নিয়মিত খেলার সম্ভাবনা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে চাইবে ম্যানেজমেন্ট।

অন্যদিকে, গ্রিনকে নিয়ে রয়েছে ভিন্নমতও। আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে তাঁকে ভাবছে কেকেআরের থিঙ্ক ট্যাঙ্কের একাংশ। তাই গত মরশুমে নিয়মিত বল না করলেও তাঁকে রেখে দেওয়ার পক্ষেও মত রয়েছে। তবে বিপুল অর্থ বিনিয়োগের পর তাঁর কাছ থেকে কতটা প্রত্যাশিত অবদান পাওয়া যাবে, সেটাও বিচার্য। ২০২৬ সালের আইপিএলে ছয়টি জয়, সাতটি হার এবং একটি অমীমাংসিত ম্যাচ নিয়ে সপ্তম স্থানে শেষ করেছিল কলকাতা। ব্যাটিংয়ের দুর্বলতা এবং প্রত্যাশিত রান তুলতে না পারার সমস্যাও প্রকট হয়েছিল। 

বোলিংয়ে তুলনামূলক নিয়ন্ত্রণ থাকলেও সামগ্রিকভাবে দলকে নতুন করে সাজানো প্রয়োজন। তাই ২০২৭ সালের মিনি নিলামের আগে যশস্বীকে পাওয়ার চেষ্টা থেকে শুরু করে গ্রিন ও পাথিরানাকে নিয়ে সিদ্ধান্ত, এই সবকিছু মিলিয়ে কেকেআরের দলবদলের বাজারে বড় চমকের অপেক্ষায় নাইট সমর্থকরা। তবে এই মুহূর্তে যশস্বীকে নিয়ে রাজস্থান ও কলকাতার মধ্যে চূড়ান্ত চুক্তির কোনও নিশ্চিত খবর নেই।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন