সমকালীন প্রতিবেদন : বাগদার বেতনা নদী থেকে এক নাবালিকার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ির পাশের এই নদী থেকে নবম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হওয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে তার মৃত্যু হল, কী পরিস্থিতিতে নদীতে পৌঁছাল সে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছে মৃতার পরিবার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি বাগদা থানার অন্তর্গত কুলোধরপুর গ্রামের। ওই গ্রামের বাসিন্দা নবম শ্রেণির এক নাবালিকা গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি। শেষ পর্যন্ত রবিবার বাগদা থানায় গিয়ে নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন পরিবারের লোকজন। এরপর থেকেই নিখোঁজ ছাত্রীর সন্ধানে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। তবে দিন পেরিয়ে গেলেও তার কোনও খোঁজ মেলেনি।
মঙ্গলবার দুপুরে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। প্রায় দুপুর ১২টা নাগাদ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদীতে একটি দেহ ভাসতে দেখেন পরিবারের এক সদস্য। কাছে গিয়ে দেখতেই বোঝা যায়, সেটি একটি পচাগলা মৃতদেহ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে বাগদা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নদী থেকে দেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের দেখানো হলে তাঁরা নিখোঁজ নাবালিকা হিসেবে তাকে শনাক্ত করেন।
এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, মৃত্যুর আগে তার সঙ্গে কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছে পরিবার। পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর থেকে তাঁরা লাগাতার খোঁজ চালিয়েছেন। শেষ পর্যন্ত বাড়ির পাশের নদী থেকেই তাঁর দেহ উদ্ধার হওয়ায় তাঁরা শোকাহত। পাশাপাশি, এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে পরিবার।
তবে দেহ উদ্ধারের পর এখনও পর্যন্ত পরিবারের তরফে নতুন করে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে বাগদা থানার পুলিশ। নিছক দুর্ঘটনা, নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ঘটনা ঘিরে এখনও আতঙ্ক ও শোকের পরিবেশ কুলোধরপুর গ্রামে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন