Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ধনঞ্জয়ের ৩৪ বছর পর ফের ফাঁসির সাজা বহাল হাইকোর্টে

 

Kolkata-High-Court

সমকালীন প্রতিবেদন : দীর্ঘ ৩৪ বছর পর ফের কোনও ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। হুগলির গুড়াপে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত অশোক সিং ‌এর ফাঁসির সাজা বহাল রাখল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। হুগলির পকসো আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের নির্দেশকেই মান্যতা দিল উচ্চ আদালত। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশ দিয়েছে আদালত। 

তবে অভিযুক্তের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রাখার জন্য আগামী তিন মাস ফাঁসির সাজা কার্যকর করা যাবে না। উল্লেখ্য, ১৯৯২ সালের অগস্ট মাসে হেতাল পারেখ খুনের মামলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ড বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট। তার ৩৪ বছর পর ফের একই ধরনের মামলায় ফাঁসির সাজা বহাল রাখার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ২৪ নভেম্বর। হুগলির গুড়াপে বাড়ির সামনেই খেলছিল পাঁচ বছরের শিশুকন্যাটি। বাজারে যাওয়ার সময় মেয়েকে খেলতে দেখেছিলেন তার বাবা। কিন্তু বাড়ি ফিরে এসে মেয়েকে আর দেখতে পাননি তিনি। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মিলে শুরু করেন খোঁজাখুঁজি। সেই সময় প্রতিবেশী অশোক সিং এর বাড়িতে কাঠের স্তূপের নিচ থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।

২০২৫ সালে হুগলির পকসো আদালতে মামলার বিচারপ্রক্রিয়া শেষ হয়। মোট ২৭ জন সাক্ষীর বয়ান এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অভিযুক্ত অশোক সিংকে মৃত্যুদণ্ডের সাজা শোনান। সেই রায়কে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। জানা গেছে, আগের সরকারের আমলে হাইকোর্টে এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত ছিল। পরবর্তীতে নতুন সরকার ক্ষমতায় আসার পর মামলাটি ফের খোলা হয়। 

নতুন স্পেশাল পাবলিক প্রসিকিউটর জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে নিয়োগ করে রাজ্য। তাঁর সওয়াল-জবাবের ভিত্তিতে প্রায় আড়াই দিন ধরে চলে শুনানি। এরপরই নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। মামলার গুরুত্ব বিবেচনা করে আদালতের এই রায়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ। রায় ঘোষণার পর বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রচলিত রীতি মেনে নিজের কলম ভেঙে দেন। অর্থাৎ ওই কলম দিয়ে ভবিষ্যতে আর কোনও রায় লিখবেন না তিনি।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ছিল। ময়নাতদন্তের রিপোর্টেও শিশুটির উপর নৃশংস অত্যাচারের প্রমাণ উঠে আসে। সব দিক বিবেচনা করেই নিম্ন আদালত সর্বোচ্চ সাজা দিয়েছিল বলে আদালতে সওয়াল করা হয়। এখন সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য অভিযুক্তকে তিন মাস সময় দিয়েছে হাইকোর্ট। ফলে পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই নজর রয়েছে। নির্যাতিতার পরিবারের কাছে এই রায় কিছুটা হলেও ন্যায়বিচারের আশা জাগাল বলে মনে করা হচ্ছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন