Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিশ্ব হাঁটা দিবসে বনগাঁয় হাঁটা প্রতিযোগিতা, অংশ নিলেন ১২১ জন

Walking-competition

সমকালীন প্রতিবেদন : ‌বিশ্ব হাঁটা দিবস উপলক্ষে বনগাঁয় অনুষ্ঠিত হল বিশেষ হাঁটা প্রতিযোগিতা। বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং নর্থ ২৪ পরগনা মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সোমবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বনগাঁর চাঁপাবেড়িয়া এলাকায় চাকদা রোডের উপর আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের মোট ১২১ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রবীণদের শারীরিক সুস্থতা ও নিয়মিত শরীরচর্চার গুরুত্বকে সামনে রেখেই এই আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিযোগিতায় বয়সের ভিত্তিতে পুরুষ ও মহিলা প্রতিযোগীদের আলাদা বিভাগে ভাগ করা হয়। ৩৫ বছর বয়স থেকে শুরু করে ৭৫ বছরের ঊর্ধ্ব বয়সি প্রতিযোগীদের নিয়ে মোট চারটি বিভাগ তৈরি করা হয়। প্রতিটি বিভাগে পুরুষ ও মহিলা প্রতিযোগীদের পৃথকভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রায় ২ থেকে ৩ কিলোমিটার পথ হাঁটার মাধ্যমে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।

সোমবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বনগাঁ পুরসভার প্রধান দিলীপ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক গণেশ চন্দ্র সরকার, সভাপতি অমল মিশ্র, নর্থ ২৪ পরগনা জেলা সম্পাদক শংকর ধর-সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

বয়স যে শরীরচর্চা ও ক্রীড়াচর্চার ক্ষেত্রে কোনও বাধা নয়, এই প্রতিযোগিতার মাধ্যমে সেই বার্তাই তুলে ধরার চেষ্টা করা হয়। বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। উদ্যোক্তাদের আশা, আগামী দিনে এই ধরনের আয়োজন আরও বেশি মানুষকে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার প্রতি উৎসাহিত করবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন