Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পুজোর আগে বড় ঘোষণা রাজ্য সরকারের, ১৪,৪৫৪ পদে নিয়োগের সিদ্ধান্ত

 

Recruitment-for-14454-posts

সমকালীন প্রতিবেদন : ‌দুর্গাপুজোর আগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় কর্মসংস্থানের ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিভিন্ন সরকারি দফতরে মোট ১৪ হাজার ৪৫৪টি শূন্যপদে নিয়োগের প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন, রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-সহ সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ হবে বলে জানান তিনি।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার যে লক্ষ্যমাত্রা নিয়েছে, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। তাঁর দাবি, পিএসসি বর্তমানে বিভিন্ন বকেয়া নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার কাজ করছে। আগের সরকারের আমলে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা এবং প্রশাসনিক সমস্যার কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সেই জটিলতা কাটিয়ে এখন নিয়োগ প্রক্রিয়াকে গতি দেওয়া হয়েছে। এসএসসিও ধীরে ধীরে নিয়োগ সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

শুধু নতুন চাকরির ঘোষণা নয়, পুজোর আগে রাজ্য সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মী এবং পড়ুয়াদের জন্যও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের চুক্তিভিত্তিক সাফাইকর্মী তথা ‘কর্মবন্ধু’দের মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। চলতি মাস থেকেই বর্ধিত ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সরকারি হস্টেলে থাকা তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের মাসিক খাদ্য ভাতা ১ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৩০০ টাকা করা হয়েছে। এর ফলে হস্টেলে থাকা ছাত্রছাত্রীদের পুষ্টি ও দৈনন্দিন খরচের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার জন্য ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালুর কথা ঘোষণা করা হয়েছে। প্রকল্পের আওতায় তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম বছরে ১৭ হাজার, দ্বিতীয় বছরে ১৭ হাজার এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে।

পুলিশ প্রশাসন নিয়েও একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন রাজ্য পুলিশের জরুরি পরিষেবার জন্য ‘১১২’ নম্বর চালু করা হবে বলে জানানো হয়েছে। ওইদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের একটি অনুষ্ঠানে বিভিন্ন থানার হাতে ৪০০টি গাড়ি ও ৪৫০টি মোটরবাইক তুলে দেওয়ার কথা রয়েছে।

এর পরদিন, ১১ অক্টোবর রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে বড় কর্মসূচির আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি, ওইদিন প্রায় ১২ হাজার পদের অনুমোদনপত্রে স্বাক্ষর করা হবে এবং আনুমানিক ৫ হাজার চাকরিপ্রার্থীর হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পুলিশের প্রথম ব্যাচের এই নিয়োগকে ঘিরেও ইতিমধ্যে চাকরিপ্রার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বন, দমকল ও জরুরি পরিষেবা, কারা এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক দফতরে এই নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরির অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের কাছে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে দুর্গাপুজোর মুখে একদিকে যেমন ১৪ হাজারেরও বেশি নতুন সরকারি পদে নিয়োগের সিদ্ধান্ত, তেমনই কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, পড়ুয়াদের খাদ্য বরাদ্দ বাড়ানো, উচ্চশিক্ষায় ছাত্রীদের আর্থিক সহায়তা এবং পুলিশে নিয়োগের মতো একাধিক ঘোষণা করেছে রাজ্য সরকার। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে কর্মসংস্থান ও জনকল্যাণের ক্ষেত্রে আগামী দিনে আরও পদক্ষেপের ইঙ্গিত মিলেছে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন