Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আগরকর-যুগের অবসান: ভারতীয় ক্রিকেটের মুখ্য নির্বাচকের দৌড়ে প্রজ্ঞান ওঝা

 ‌

Pragyan-Ojha

সমকালীন প্রতিবেদন : অজিত আগরকরের বিদায়ের সঙ্গে সঙ্গে ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটের নির্বাচকমণ্ডলীতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর স্পষ্ট হয়ে যায় যে, ৪ অক্টোবর তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর মুখ্য নির্বাচকের পদে আর থাকছেন না আগরকর। বোর্ডের সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ নানা টানাপোড়েনের মাঝেই এবার জাতীয় নির্বাচকমণ্ডলীর অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে।

বোর্ড সূত্রের খবর, স্থায়ীভাবে অজিত আগরকরের উত্তরসূরি হিসেবেও দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন প্রজ্ঞানই। বর্তমানে চার সদস্যের নির্বাচক কমিটির নেতৃত্ব দিচ্ছেন তিনি। সম্প্রতি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে নির্বাচক কমিটির এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। 

শিবসুন্দর দাস, অজয় রাত্রা, আরপি সিং এবং প্রজ্ঞান ওঝাকে সেখানে দলের পরিকল্পনা নিয়ে গম্ভীরের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে দেখা যায়। এই তাৎপর্যপূর্ণ বৈঠকে অজিত আগরকরের অনুপস্থিতি এবং ওঝার সক্রিয় নেতৃত্বই স্পষ্ট করে দিচ্ছে যে, বিসিসিআই তাঁকে আগামী দিনের স্থায়ী প্রধান নির্বাচক হিসেবেই বিবেচনা করছে।

প্রজ্ঞানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসন্ন নিউজিল্যান্ড সফর। আগামী ২২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা এই সফরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ৫টি টি-২০, ৫টি একদিনের ম্যাচ এবং ২টি টেস্ট ম্যাচ খেলা হবে। এর পাশাপাশি ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত ‘এ’ দলের ৩টি টেস্টের সফরও। 

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে তরুণ ক্রিকেটারদের মূল্যায়ন, দল গঠন এবং ক্রিকেটারদের কাজের চাপ সামলানোর দিক থেকে এই নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত নিখুঁত হওয়া প্রয়োজন। তাই সচরাচর দ্বিপাক্ষিক সিরিজের মাঝে পুরো নির্বাচক মণ্ডলীকে একসঙ্গে দেখা না গেলেও, গম্ভীর ও ওঝার নেতৃত্বাধীন কমিটি এই মেগা সিরিজের স্কোয়াড চূড়ান্তে ব্যস্ত।

উল্লেখ্য, ২০১৩ সালে সচিন তেন্ডুলকরের বিদায়ী টেস্টে ১০টি উইকেট নিয়ে 'ম্যান অফ দ্য ম্যাচ' হওয়ার পরও প্রজ্ঞান ওঝার জাতীয় দলের দরজা আচমকা বন্ধ হয়ে যায়। ভারতের হয়ে ২৪টি টেস্টে ১১৩টি উইকেট এবং সীমিত ওভারের ক্রিকেটে ৩১টি উইকেটের মালিক ওঝা দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এখন এক বড় প্রশাসনিক দায়িত্বে ফিরছেন।

অন্যদিকে, ২০২৩ সালে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়া অজিত আগরকরের মেয়াদে ভারতীয় দল অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তাঁর আমলে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৬ সালের বিশ্বকাপ, ২০২৩ ও ২০২৫ সালের এশিয়া কাপ জয় এবং ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে ওঠার ইতিহাস তৈরি হয়েছে। 

তবে সাম্প্রতিক সময়ে তারকা ব্যাটার রোহিত শর্মার অবসর সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে বোর্ড কর্তাদের অসন্তোষ তৈরি হয়। ফলে আগরকরের মেয়াদের মেয়াদবৃদ্ধির সম্ভাবনা বাতিল হয়ে যায় এবং তিনিও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এখন বিসিসিআই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞান ওঝাকে স্থায়ী মুখ্য নির্বাচক হিসেবে ঘোষণা করে কি না, সেই দিকেই তীক্ষ্ণ নজর রেখে চলেছে দেশের ক্রিকেট মহল।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন