সমকালীন প্রতিবেদন : ঘোষণা হয়ে গেল ২০২৭ সালের এক দিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি। বিশ্বকাপ শুরুর ঠিক এক বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সূচি প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী ৭ অক্টোবর ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। তবে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে ১০ অক্টোবরের দিকে। ওই দিন জোহানেসবার্গে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এবারের বিশ্বকাপে দুই দলের একাধিকবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বিশ্বকাপের গ্রুপ বিন্যাস অনুযায়ী, ভারত রয়েছে এ গ্রুপে। এই গ্রুপে ভারতের পাশাপাশি রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং একটি যোগ্যতা অর্জনকারী দল। অন্যদিকে, বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অপর একটি যোগ্যতা অর্জনকারী দল। আগামী ২, ৪ ও ৬ অক্টোবর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ অক্টোবর কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ১৪ অক্টোবর শোয়ানেতে আফগানিস্তান এবং ১৭ অক্টোবর ব্লুমফন্টেনে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে খেলবে তারা। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ভারতের সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
গ্রুপ পর্বের পর শুরু হবে দ্বিতীয় রাউন্ড। সেখান থেকে যোগ্যতা অর্জনকারী দলগুলিকে নিয়ে ২৫ অক্টোবর শুরু হবে সাত দলের সুপার সেভেন পর্ব। এই পর্যায়ে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সেভেনে যুক্ত হবে না। ফলে প্রতিটি দলকে নতুন করে লড়াই শুরু করতে হবে। এই পর্বের সেরা চারটি দল পৌঁছাবে সেমিফাইনালে।
ভারত ও পাকিস্তান দু'দলই সুপার সেভেনে উঠলে ৭ নভেম্বর আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দুই দল সেমিফাইনাল কিংবা ফাইনালে পৌঁছালেও ফের তাদের সাক্ষাৎ হতে পারে। অর্থাৎ এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ সর্বাধিক তিনবার হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের সুপার সেভেন পর্বে ভারতের সম্ভাব্য সূচি অনুযায়ী, সব নির্ধারিত দল যোগ্যতা অর্জন করলে ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া, ৩১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ৪ নভেম্বর নিউজিল্যান্ড, ৭ নভেম্বর পাকিস্তান, ১১ নভেম্বর ইংল্যান্ড এবং ১৪ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হতে পারে ভারত। এই পর্বের ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে সেমিফাইনালের চারটি দল। আগামী ১৭ ও ১৮ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বকাপের ফাইনাল হবে ২১ নভেম্বর।
সুপার সেভেনে প্রথম স্থানাধিকারী দল চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানান, এই প্রতিযোগিতাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সংস্থার। সেই উদ্দেশ্যে টিকিটের দাম সাধ্যের মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পরিবার, তরুণ প্রজন্ম ও স্থানীয় ক্রিকেটপ্রেমীরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারেন।
গত বিশ্বকাপে ভারত রানার্স হয়েছিল। অন্যদিকে, পাকিস্তান লিগ পর্বে ন'টি ম্যাচের মধ্যে চারটিতে জিতে পঞ্চম স্থানে শেষ করেছিল। এবারের বিশ্বকাপে দুই দলের সম্ভাব্য একাধিক লড়াই ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন