Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

তৃণমূলের পর বিজেপির টিকিটে কোয়েল, ফের রাজ্যসভায় যাওয়ার পথে অভিনেত্রী

 

সমকালীন প্রতিবেদন : রাজনৈতিক সমীকরণে ফের বড় পরিবর্তন। তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভায় যাওয়া অভিনেত্রী কোয়েল মল্লিক এবার বিজেপির প্রার্থী। তাঁর ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনের উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কোয়েলকেই প্রার্থী করার কথা ঘোষণা করেছে পদ্মশিবির। ফলে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাওয়ার কয়েক মাসের মধ্যেই রাজনৈতিক শিবির বদলে ফের সংসদের উচ্চকক্ষে যাওয়ার সম্ভাবনা তৈরি হল অভিনেত্রীর।

চলতি বছরের শুরুতেই রাজ্যসভা নির্বাচনে কোয়েল মল্লিককে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। তাঁর পাশাপাশি প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী এবং প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়দের নামও সামনে এসেছিল। মার্চ মাসে কোয়েলের প্রার্থী হওয়ার কথা ঘোষণা হয় এবং এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন। তবে সাংসদ হওয়ার পর থেকে রাজ্যসভার কোনও অধিবেশনেই তাঁকে দেখা যায়নি।

এরই মধ্যে গত ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল। দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ইস্তফার পর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। সেই সাক্ষাতের পর থেকেই কোয়েলের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছিল।

শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। বিজেপি এবার কোয়েলকে তাঁরই ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে প্রার্থী করেছে। এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইককেও একই কৌশলে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। তিন জনই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। পরে বিজেপির টিকিটে সংশ্লিষ্ট আসনের উপনির্বাচনে প্রার্থী হন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভায় নির্বাচিত হন। কোয়েলের ক্ষেত্রেও সেই একই রাজনৈতিক কৌশল দেখা গেল।

গত ৯ জুলাই বিজেপিতে যোগ দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। তাঁদের তৃণমূল ছাড়ার পরই সংশ্লিষ্ট তিনটি রাজ্যসভা আসন শূন্য হয়ে যায়। বিজেপি দ্রুত তাঁদেরই প্রার্থী করে। ফলে সাংসদ একই থাকলেও রাজনৈতিক দলের পরিচয় বদলে যায়। এবার কোয়েলের ক্ষেত্রেও কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে।

কোয়েলের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পিছনে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তৃণমূলের একাধিক বিদ্রোহী সাংসদের রাজনৈতিক অবস্থান বদলের ঘটনাতেও ভূপেন্দ্র যাদবের নাম উঠে এসেছে। জুন মাসে তাঁর দিল্লির বাসভবনে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর একাধিক বৈঠক হয়েছিল বলে জানা যায়। ওই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পরবর্তী সময়ে বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তাঁদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কথা জানান।

এদিকে, বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত একাধিক তৃণমূল সাংসদও ইতিমধ্যে দলীয় অবস্থান বদলেছেন। দেব এবং সায়নী ঘোষের মতো সাংসদরা এনসিপিআই-তে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের কথা জানিয়েছেন। সেই আবহে কোয়েলের সরাসরি বিজেপির টিকিটে রাজ্যসভায় প্রার্থী হওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

বর্তমান বিধানসভা সমীকরণে বিজেপির প্রার্থী হিসেবে কোয়েলের রাজ্যসভায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে অল্প সময়ের ব্যবধানে ফের সংসদের উচ্চকক্ষে যাওয়ার পথ তৈরি হয়েছে তাঁর সামনে। তবে এবার আর তৃণমূলের মনোনয়ন নয়, বিজেপির প্রার্থী হিসেবেই রাজ্যসভায় পা রাখতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর এই রাজনৈতিক পালাবদল রাজ্য রাজনীতিতে তৃণমূলের জন্য নতুন করে চাপ তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন