সমকালীন প্রতিবেদন : জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লেন বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ দাস। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দমদম সেন্ট্রাল জেলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।
আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সম্প্রতি গোপালনগর থানার পুলিশ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁকে আদালতে পেশ করা হলে প্রথমে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর শনিবার তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। এরপরই রবিবার সকালে জেল হেফাজতে থাকাকালীন তিনি বুকে ব্যথার কথা জানান।
কারা কর্তৃপক্ষের তরফে বিষয়টি জানার পর দ্রুত তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। তবে পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দমদম সেন্ট্রাল জেলের হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী তাঁকে সেখানে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গোপালনগর এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে বনগাঁর রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির গ্রেফতারির পর থেকেই মামলাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে।
বর্তমানে মামলাটি তদন্ত করছে গোপালনগর থানার পুলিশ। বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের পাশাপাশি অস্ত্র উদ্ধারের ঘটনাতেও পুলিশের তরফে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই জেল হেফাজতে তাঁর অসুস্থ হয়ে পড়া এবং বনগাঁ থেকে দমদমে স্থানান্তরের ঘটনায় নতুন করে নজর পড়েছে ওই মামলার দিকে।
.jpeg)






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন