সমকালীন প্রতিবেদন : বনগাঁ লোকসভা কেন্দ্রের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ ও প্রবীণ নাগরিকদের জন্য নেওয়া হল এক মানবিক উদ্যোগ। কেন্দ্রীয় জীহীজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের উদ্যোগে মঙ্গলবার বনগাঁয় আয়োজিত হল বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ শিবির। কেন্দ্রীয় সরকারের ‘এডিপি’ এবং ‘রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা’-র আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সেবা পখওয়াড়া’-র কর্মসূচির অংশ হিসেবেই এই শিবিরের আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। বনগাঁ থানা সংলগ্ন কর্মতীর্থ ময়দানে সকাল ১১টা থেকে শুরু হয় উপকরণ বিতরণ পর্ব। বনগাঁ এবং সংলগ্ন এলাকার প্রায় ২০০ জন প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ এদিনের শিবির থেকে বিভিন্ন ধরনের সহায়ক সরঞ্জাম পান।
দৈনন্দিন জীবনযাত্রায় তাঁদের প্রয়োজনীয়তা ও সুবিধার কথা মাথায় রেখেই আধুনিক সহায়ক উপকরণগুলি তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যার কারণে যাঁদের স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা অসুবিধার মুখে পড়তে হয়, তাঁদের জন্য এই ধরনের সরঞ্জাম বিশেষভাবে কার্যকর বলে জানিয়েছেন আয়োজকরা। সরকারি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে এই সুবিধা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা।
এদিনের কর্মসূচি সম্পর্কে শান্তনু ঠাকুর বলেন, সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। উৎসবের এই আনন্দের সময়ে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ এবং প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে পেরে তিনি আনন্দিত। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা এবং সামাজিক ন্যায়বিচারের ভাবনাকে বাস্তবায়িত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শান্তনু ঠাকুরের বক্তব্য, সমাজের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়াই এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ এবং প্রবীণ নাগরিকদের স্বনির্ভর জীবনযাপনে সহায়ক উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুর্গাপুজোর আগে বনগাঁয় এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিবিরে উপস্থিত প্রবীণ ও দিব্যাঙ্গ নাগরিকরা। তাঁদের অনেকেই জানিয়েছেন, বিনামূল্যে পাওয়া সহায়ক সরঞ্জাম দৈনন্দিন কাজকর্মে তাঁদের অনেকটাই সুবিধা করে দেবে। উৎসবের মরশুমের আগে এই সহায়তা তাঁদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেও জানান তাঁরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও বনগাঁ লোকসভা কেন্দ্রের মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের জনকল্যাণমূলক ও সমাজসেবামূলক কর্মসূচি আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সমাজের প্রান্তিক ও প্রয়োজনীয় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের জীবনযাত্রাকে আরও সহজ করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন