Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গাইঘাটায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার অভিযোগ কংগ্রেসের

 

Cong-team-at-Gaighata

সমকালীন প্রতিবেদন : গাইঘাটা এলাকায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তেজনার আবহ অব্যাহত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে পৌঁছায় উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীণ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। কিন্তু পরিবারের সঙ্গে সাক্ষাতের আগে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তুলেছেন জেলা কংগ্রেস সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

জানা গেছে, এদিন জেলা গ্রামীণ কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জির নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যায়। তবে বাড়ি থেকে কিছুটা দূরেই তাঁদের আটকে দেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যদের জানানো হয়, পরিবারের সদস্যরা তাঁদের অনুমতি ছাড়া কাউকে বাড়িতে প্রবেশ করতে দিতে নিষেধ করেছেন। তাই পরিবারের সম্মতি ছাড়া কাউকেই ভিতরে যেতে দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়।

এরপর পরিস্থিতি সামাল দিতে নিহতের পরিবারের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর অনুমতি পাওয়ার পর জেলা গ্রামীণ কংগ্রেস সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জিকে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। তবে প্রতিনিধি দলের অন্য সদস্যদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। তাঁর দাবি, নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁদের আটকে দেওয়া হয়। যদিও পুলিশের পক্ষ থেকে পরিবারের অনুমতির বিষয়টি সামনে আনা হয়েছিল বলে জানা গেছে।

এদিন নিহতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবিও তোলেন জেলা কংগ্রেস সভানেত্রী। তাঁর দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্টট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া চালানোর দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, এই ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

গাইঘাটার এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। এখন তদন্তের অগ্রগতি, বিচার প্রক্রিয়া এবং পরিবারের জন্য প্রশাসনিক সহায়তা নিয়ে পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন