Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ট্রেনে ডাকাতির চেষ্টা বানচাল, অস্থায়ী হোমগার্ড-সহ গ্রেফতার দুই

 

Bonga-GRP

সমকালীন প্রতিবেদন : ফেলে রাখা ট্রেনের কামরায় সন্দেহজনকভাবে বেশ কয়েকজনের জমায়েত। খবর পেয়ে সেখানে পৌঁছতেই পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যায় অধিকাংশ। তবে শেষ পর্যন্ত দু’জনকে পাকড়াও করতে সক্ষম হল বনগাঁ জিআরপি। তাদের জিজ্ঞাসাবাদে ট্রেনে ডাকাতির উদ্দেশ্যে ওই জমায়েত হয়েছিল বলে পুলিশ জানতে পারে। এরপরই দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন হাবড়া থানায় অস্থায়ী হোমগার্ড হিসেবে কাজ করে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাটি বনগাঁ স্টেশনের এক্সট্রা রেললাইনের। পুলিশ সূত্রে জানা গেছে, ওই লাইনে একটি ট্রেনের কয়েকটি কামরা ফেলে রাখা ছিল। সেই কামরাগুলির মধ্যে একটি কামরায় বেশ কয়েকজন যুবককে জড়ো হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর বনগাঁ জিআরপি থানায় খবর যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কামরায় তল্লাশি চালানোর চেষ্টা করে।

পুলিশের উপস্থিতি টের পেতেই সেখানে থাকা অধিকাংশ ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পালানোর আগেই দু’জনকে ধরে ফেলে জিআরপি। তাঁদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দাবি করে, ট্রেনে ডাকাতির উদ্দেশ্যেই ওই ব্যক্তিরা সেখানে জড়ো হয়েছিল।

পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনের নাম সবুজ নন্দী এবং ব্রিজেশ দাস। সবুজের বাড়ি অশোকনগর এলাকায়। অন্যদিকে ব্রিজেশ হাবড়ার বানিপুর এলাকার বাসিন্দা। পুলিশ আরও জানিয়েছে, ব্রিজেশ হাবড়া থানায় অস্থায়ী হোমগার্ড হিসেবে কর্মরত।

ধৃত দু’জনকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি পালিয়ে যাওয়া বাকিদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে জিআরপি।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন