সমকালীন প্রতিবেদন : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চারদিনের (লাল বলের) দ্বিপাক্ষিক সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জুনিয়র নির্বাচক কমিটির ঘোষিত এই ভারতীয় স্কোয়াডে সবচেয়ে বড় আকর্ষণ দুই ভারতীয় ক্রিকেট কিংবদন্তির সন্তানের উপস্থিতি। তাঁরা হলেন, প্রাক্তন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের পুত্র আর্যবীর সেহওয়াগ এবং ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটার ও কোচ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড়।
কিংবদন্তিপুত্র আর্যবীর এবং অন্বয় দুজনেই ৫০ ওভারের একদিনের সিরিজের জন্য গঠিত ১৫ জনের ভারতীয় দলে স্থান করে নিয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাত্র ২ ম্যাচে ১০১ রান করে নিজের ক্ষমতার জানান দিয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার অন্বয়। অন্যদিকে আর্যবীর বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে নজরকাড়া পারফর্ম করছেন। তবে একদিনের দলে সুযোগ পেলেও, লাল বলের চারদিনের সিরিজের স্কোয়াডে তাঁদের রাখা হয়নি।
ঘোষিত স্কোয়াডের সবচেয়ে বড় চমক তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর অনুপস্থিতি। মাত্র ১৫ বছর বয়সে ইতিমধ্যেই সিনিয়র আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে অভিষেক হলেও, বিসিসিআই-এর একটি নির্দিষ্ট নিয়মের কারণে এই সিরিজে ঠাঁই পাননি তিনি। ২০১৬ সালের বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যোগ্য হওয়া সত্ত্বেও একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। যেহেতু বৈভব ইতিমধ্যেই ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ফেলেছেন, তাই দীর্ঘমেয়াদি ও ভবিষ্যতের ভাবনার কথা মাথায় রেখে নির্বাচকরা তাঁকে এই অনূর্ধ্ব-১৯ স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
একদিনের ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন উত্তরাখণ্ডের প্রতিশ্রুতিমান ক্রিকেটার লক্ষ্য রায়চন্দানি এবং সহ-অধিনায়ক করা হয়েছে মধ্যপ্রদেশের যশবর্ধন চৌহানকে। তবে চারদিনের লাল বলের সিরিজে অধিনায়কত্বে অদলবদল ঘটবে। সেখানে মূল অধিনায়কের দায়িত্ব সামলাবেন যশবর্ধন এবং সহ-অধিনায়কের পদে থাকবেন লক্ষ্য। সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরের দল থেকে ম্যানুয়াল চৌহান ও চিগুরুপতি ভেঙ্কট নতুন করে ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেও বাদ পড়েছেন সাগর ভির্ক, আনমোলজিৎ সিং ও ঈশান সুদ।
শ্রীলঙ্কার মাটিতে শেষ সফরে লাল বলের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতলেও, ৫০ ওভারের একদিনের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল জুনিয়র টিম ইন্ডিয়া। ফলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে চেনা ছন্দে ফেরাই প্রধান লক্ষ্য জুনিয়র ক্রিকেটারদের।
একদিনের (৫০ ওভার) সিরিজ: রাজকোটে যথাক্রমে ১৮, ২১ এবং ২৩ সেপ্টেম্বর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চারদিনের (লাল বল) সিরিজ: প্রথম টেস্ট ম্যাচটি রাজকোটে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর আয়োজিত হবে। এরপর দ্বিতীয় তথা শেষ টেস্টটি ৫ থেকে ৮ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ‘বি’ গ্রাউন্ডে খেলা হবে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন