সমকালীন প্রতিবেদন : আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বোর্ডের অন্দরে গম্ভীরের অবস্থান এখন বেশ নড়বড়ে। এক সময় বিসিসিআই এবং বোর্ডের কাছ থেকে তিনি যে সার্বিক সহযোগিতা ও সুযোগ-সুবিধা পেতেন, সাম্প্রতিক সিরিজগুলিতে বিপর্যয়ের পর তা অনেকটাই হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার গম্ভীরের কোচিং শৈলী এবং ড্রেসিংরুম সামলানোর ধরন নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।
জানা গেছে, দলীয় পরাজয়ের দায় গম্ভীরের এড়িয়ে যাওয়ার মানসিকতা এবং কঠোর কার্যপদ্ধতি নিয়ে অসন্তুষ্ট দলের অভিজ্ঞ তারকারা। সূত্রের খবর, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর সিনিয়র ক্রিকেটাররা বোর্ডের শীর্ষ পরিষদ ও ভারতীয় দলের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের কাছে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
উল্লেখ্য, এই টানাপোড়েনের সূচনা হয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফির পর থেকে। প্রথম টেস্টে জয় পেলেও শেষ পর্যন্ত ভারত ৩-১ ব্যবধানে সিরিজ হারে। দেশে ফিরে গম্ভীর হারের দায়ভার দলের 'সুপারস্টারদের' ওপর চাপিয়ে দেন এবং দলে বেশ কিছু কঠোর নিয়ম লাগু করেন। ক্রিকেটপ্রেমীদের অনেকের মতে, কোচের এই ধরনের আচরণ ও দৃষ্টিভঙ্গির কারণেই রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন।
কোচ হিসেবে গম্ভীরের মেয়াদে ভারতের টেস্ট পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হোয়াইটওয়াশ: ভারতীয় টেস্ট ইতিহাসে ঘরের মাঠে যা নজিরবিহীন। দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে পরাজয়: এই হার ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পথকে কঠিন করে তোলে।
বিসিসিআই-এর তদারকি: প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের আমলে ড্রেসিংরুমের পরিবেশ এবং খেলোয়াড়দের ভূমিকা যেভাবে পরিষ্কার ছিল, গম্ভীরের অধীনে সেই কাঠামোর অভাব রয়েছে বলে অভিযোগ।
যদিও পূর্বে হারের দায় খেলোয়াড়দের ওপর বর্তালেও, একের পর এক ব্যর্থতায় এবার কোচের ভূমিকাও স্ক্যানারের নিচে। চার জয়, চার পরাজয় ও এক ড্র নিয়ে ভারত বর্তমানে WTC পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে।
বোর্ডের তরফে ইতিপূর্বে গম্ভীরের চাহিদামতো সাপোর্টিং স্টাফ এনে দেওয়া হলেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। একাধিক বিতর্ক ও ড্রেসিংরুমের অসন্তোষ প্রকাশ্যে আসা সত্ত্বেও বিসিসিআই এখনই চরম কোনো পদক্ষেপ নিচ্ছে না।
আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটি গৌতম গম্ভীরের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। ওয়াকিবহাল মহলের মতে, শ্রীলঙ্কা সফরের ফলাফলের ওপরই নির্ভর করছে ভারতীয় দলের হেডকোচ হিসেবে গম্ভীরের ভাগ্য ও ভবিষ্যৎ।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন