Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১ আগস্ট, ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের সমস্ত সিএএ আবেদনকারীর হাতে শংসাপত্র দেওয়ার অঙ্গিকার মুখ্যমন্ত্রীর

 

CAA-Certificate

সমকালীন প্রতিবেদন : রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রয়োগ ও আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে ফের সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার উত্তর ২৪ পরগনার নিউটাউনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রায় ৩০০ জন মতুয়া সম্প্রদায়ের মানুষের হাতে সিএএ-র মাধ্যমে পাওয়া ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন, আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের সমস্ত পেন্ডিং সিএএ আবেদন নিষ্পত্তির লক্ষ্য নেওয়া হয়েছে।

বিজেপি নেতৃত্বের দাবি, গুজরাত ও রাজস্থানের মতো বাংলাতেও যাতে জেলা শাসকদের মাধ্যমে দ্রুত সিএএ আবেদন নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে। আগামী এক মাসের মধ্যে এই সংক্রান্ত প্রক্রিয়া চালু হতে পারে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সিএএ প্রদানের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, রাজ্যে এ পর্যন্ত প্রায় ২৩,৯৫৬ জনকে সিএএ শংসাপত্র দেওয়া হয়েছে। আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩০ হাজারের বেশি। শংসাপত্র পাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে নদিয়া জেলা (১০,১৯১ জন) এবং দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৮,৯৩০ জন)।

মতুয়া ও সীমান্তবর্তী শরণার্থী পরিবারগুলির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, “সিএএ কারও নাগরিকত্ব কাড়ার জন্য নয়, বরং নাগরিকত্ব দেওয়ার জন্যই তৈরি।” তিনি অভিযোগ করেন, অতীতে তৃণমূল কংগ্রেস সরকার সিএএ এবং এনআরসি-কে এক করে দেখিয়ে সাধারণ মানুষ ও সংখ্যালঘু সমাজকে বিভ্রান্ত করেছিল। সিএএ বিরোধী আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট এবং মিথ্যা ভয় দেখানো হয়েছিল বলেও তিনি তোপ দাগেন।

এদিনের অনুষ্ঠানে বহু সুবিধাভোগী শংসাপত্র হাতে পেয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া মানুষদের দীর্ঘদিনের লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি নেতৃত্ব পুনর্ব্যক্ত করে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা যোগ্য আবেদনকারীদের নাগরিকত্বের অধিকার সুনিশ্চিত করা হবে।

অনুষ্ঠান থেকে জানানো হয়, সিএএ-র আওতাভুক্ত হওয়া সত্ত্বেও যাঁরা আইনি জটিলতায় রয়েছেন, তাঁদের দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সহায়তার চেষ্টা করা হবে। পাশাপাশি, সিএএ শংসাপত্র পাওয়ার পর ভোটার তালিকায় সঠিক নাম অন্তর্ভুক্তিকরণ এবং যোগ্য আবেদনকারীদের এসসি শংসাপত্র প্রদানের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা করা হবে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন