সমকালীন প্রতিবেদন : বৃহস্পতিবার থেকে শিয়ালদা-বনগাঁ শাখায় আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল আরও একটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন। রেল দফতর সূত্রে খবর, আগে শিয়ালদা থেকে বারাসত পর্যন্ত যে এসি ট্রেনটি চলাচল করত, সেটিরই যাত্রাপথ বাড়িয়ে এবার বনগাঁ পর্যন্ত প্রসারিত করা হয়েছে। পুজো কেনাকাটা ও উৎসবের দিনগুলিতে যাতায়াতের সুবিধার্থে রেলের এই সিদ্ধান্তকে দুর্গাপুজোর বড় উপহার বলেই মনে করছেন নিত্যযাত্রীরা।
নতুন সময়সূচি অনুযায়ী, ট্রেনটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদা থেকে রওনা হয়ে বেলা ১১টা ১৪ মিনিটে বারাসত পৌঁছাবে এবং সেখান থেকে সরাসরি বনগাঁর দিকে যাত্রা করবে। পরবর্তীতে দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি বনগাঁ স্টেশন ছেড়ে দুপুর ২টো ২৫ মিনিটে শিয়ালদায় গিয়ে পৌঁছাবে।
বনগাঁ-শিয়ালদা রুটটিতে প্রতিদিন ভিড়ের বহর এবং চরম গরমের কারণে যাত্রীদের নাকাল হতে হয়। তাই দ্বিতীয় এসি ট্রেন চালুর খবরে উল্লাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্টেশনে এসে প্রথমবার এই ট্রেনের কথা জানতে পেরে এক যাত্রী উচ্ছ্বাস প্রকাশ করে জানান যে, পুজোর মুখে এমন সিদ্ধান্ত অত্যন্ত আনন্দের। এমনকি বাংলাদেশ থেকে আসা এক যাত্রীও এই উদ্যোগের প্রশংসা করে জানান, সাধারণ যাত্রীদের সুবিধার জন্য এটি সরকারের একটি দারুণ পদক্ষেপ।
তবে স্বস্তির পাশাপাশি টিকিটের মূল্য নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। একাংশের মতে দূরত্বের তুলনায় ভাড়া কিছুটা চড়া, অন্যদিকে নিত্যযাত্রীদের কারো কারো অভিমত, দুপুরের কড়া রোদ ও চরম গরম এড়িয়ে আরামদায়ক ভ্রমণের সুবিধার্থে এই বাড়তি খরচ মেনে নেওয়াই যায়। সব মিলিয়ে, শারদোৎসবের মরসুমে নতুন এই এসি ট্রেন যাত্রীদের দৈনিক যাতায়াতকে অনেকটাই সুগম ও স্বস্তিদায়ক করে তুলবে।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন