সমকালীন প্রতিবেদন : বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী সচেতনতামূলক প্রচার চলছে। এরই অংশ হিসেবে ১০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলা কর্মসূচির অধীনে, বহরমপুর ও মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে দু’দিনব্যাপী এক বিশেষ ব্লক-স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘চাইল্ড ইন নিড ইনস্টিটিউট’ (সিনি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল জলে ডুবে মৃত্যু কমাতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন এবং স্থানীয় স্তরে জনসচেতনতা বৃদ্ধি করা।
এই কর্মশালায় বিডিও, জয়েন্ট বিডিও, পঞ্চায়েত প্রধান, সদস্য, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আইসিডিএস সুপারভাইজার, জলসাথী, সিভিক ভলান্টিয়ার ও সিভিল ডিফেন্স সহ প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিনি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী প্রোগ্রাম ম্যানেজার সায়নী অধিকারী, সহকারী পরিচালক জয়ন্ত চৌধুরী এবং দক্ষিণ দিনাজপুরের সিপিআর প্রশিক্ষক ইতি ঘোষ মণ্ডল ও তারা হালদার।
কর্মশালায় সিনি-র পক্ষ থেকে শিশুদের নিরাপদ তত্ত্বাবধান, জলাশয়ের পাশে সতর্ক থাকা এবং দ্রুত উদ্ধারের কৌশল নিয়ে আলোচনা করা হয়। বহরমপুর থানার সাব-ইন্সপেক্টর শাফিরুল শেখ এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুবীর মণ্ডল বলেন, জলে ডুবে মৃত্যু রুখতে প্রশাসন ও সমাজের যৌথ উদ্যোগ এবং জীবনদায়ী ‘সিপিআর’ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক গৌরব মণ্ডল মনে করিয়ে দেন, অসতর্কতার কারণে শিশু ছাড়াও প্রাপ্তবয়স্করাও নদী বা জলাশয়ে দুর্ঘটনার শিকার হন।
মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বিডিও মানস কুমার বাগ এই প্রশিক্ষণের ভূয়সী প্রশংসা করে নিজে এতে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেন। উপস্থিত সিভিক ভলান্টিয়ার ও জলসাথীরাও হাতে-কলমে সিপিআর প্রশিক্ষণ নেওয়ার এবং প্রতিটি পঞ্চায়েত স্তরে দ্রুত উদ্ধারকারী দল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। সিনি-র সহকারী পরিচালক জয়ন্ত চৌধুরী জানান, প্রশাসনের সহযোগিতায় মুর্শিদাবাদে একটি দীর্ঘমেয়াদি অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় তিন লক্ষ মানুষ জলে ডুবে মারা যান, যার বড় অংশই শিশু। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এ বছরের মূল সুর, "একজোট হই, পরিবর্তনের জোয়ার তুলি"–কে সামনে রেখে সিনি পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে এই সামাজিক আন্দোলন জারি রাখার অঙ্গীকার করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন