সমকালীন প্রতিবেদন : আইপিএলের জমজমাট অধ্যায় শেষ হতেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক মরশুম। এই মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। তবে শনিবার টেস্টের প্রথম দিনেই মাঠের বাইরের এক মহাধামাকায় তোলপাড় পড়ে গেল দেশের ক্রিকেট মহলে। ভারত তথা বিশ্ব ক্রিকেটের ঠাসা ক্রীড়াসূচির দিকে তাকিয়ে এদিন একযোগে একাধিক সিরিজের দল ঘোষণা করলেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ, এশিয়ান গেমস এবং ভারত ‘এ’ দলের স্কোয়াড এদিন প্রকাশ করা হয়েছে। আর সেই ঘোষণার সঙ্গেই ভারতীয় ক্রিকেটে ঘটে গেল এক মস্ত বড় পালাবদল।
দল ঘোষণার সবচেয়ে বড় এবং বিতর্কিত সিদ্ধান্তটি হলো টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সূর্যকুমার যাদবের বিদায়। বিশ্বকাপ জয়ের মাত্র তিন মাসের মাথায় অধিনায়কের পদ থেকে তো বটেই, সামগ্রিকভাবে কুড়ি-বিশের দল থেকেই ছেঁটে ফেলা হয়েছে সূর্যকে। তাঁর জায়গায় ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার।
স্বাভাবিকভাবেই সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগরকরকে এই নিয়ে কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয়। সূর্যকুমারকে সরানো প্রসঙ্গে আগরকর সাফ জানান, "সিদ্ধান্তটা অত্যন্ত কঠিন ছিল। তবে ওর বর্তমান ফর্ম এবং আগামী দুই বছরের ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখেই আমরা নতুন দিশায় এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে সূর্যের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথাও হয়েছে।"
শ্রেয়সকে দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করে নির্বাচক প্রধান বলেন, "শ্রেয়সকে বাছার পেছনে ওর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বড় ভূমিকা পালন করেছে। গত কয়েক বছরে আইপিএলে ও একাধিক ফ্র্যাঞ্চাইজিকে সফলভাবে সামলেছে, আইপিএল ট্রফি জিতেছে এবং ব্যাটার হিসেবেও নিজেকে প্রমাণ করেছে। তাই অধিনায়ক হিসেবে ওর চেয়ে ভালো বিকল্প আমাদের কাছে আর কেউ ছিল না।" উল্লেখ্য, শ্রেয়স শুধু টি-টোয়েন্টি দলের অধিনায়কই নন, আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে শুভমন গিলের ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলাবেন তিনি।
এদিনের দল ঘোষণার অন্যতম বড় চমক বিহারের তরুণ বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ঘরোয়া ক্রিকেটে ঝড় তোলার পর এবার সরাসরি ভারতের সিনিয়ার দলের নীল জার্সিতে অভিষেক হতে চলেছে তাঁর। বৈভবের অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আগরকর এই নিয়ে বলেন, "বৈভবের পারফরম্যান্স আমাদের বাধ্য করেছে ওকে দলে নিতে। আমরা জানি ওর বয়স এখনও অনেক কম, কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি পরপর দুটো আইপিএলে ও যে পরিণত খেলা দেখিয়েছে, তা এককথায় অনবদ্য। আন্তর্জাতিক স্তরে চ্যালেঞ্জ কঠিন হবে, তবে ও নিজের যোগ্যতায় জায়গা আদায় করে নিয়েছে।"
অন্যান্য চমকের মধ্যে, চোট সারিয়ে গতিময় পেসার হর্ষিত রানা দলে প্রত্যাবর্তন করেছেন। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঘোষিত কোনও দলেই জায়গা পাননি তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী।

.jpeg)







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন