Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

খাবারে ক্ষতিকারক উপাদানের ব্যবহার! জনস্বার্থ রক্ষায় বনগাঁর একাধিক রেস্তোরাঁয় যৌথ অভিযান পুরসভার

 ‌

Raid-on-restaurant

সমকালীন প্রতিবেদন : শহরের রেস্তোরাঁগুলিতে পরিবেশিত খাবারের গুণমান ও জনস্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া উদ্বেগের জেরে এবার কোমর বেঁধে ময়দানে নামল বনগাঁ পুরসভা। খাবারে অস্বাস্থ্যকর ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আজ, শুক্রবার শহরের একাধিক রেস্তোরাঁয় আকস্মিক অভিযান চালালেন পুর আধিকারিকরা। পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই যৌথ তল্লাশি অভিযান চালানো হয়। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই মতিগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁ সাময়িকভাবে সিল করে দিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বনগাঁর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমছিল। এই পরিস্থিতিতে গত ১৯ জুন বিজেপির বনগাঁ জেলা কালচারাল সেলের পক্ষ থেকে পুরপ্রধানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। যেখানে শহরের বাণিজ্যিক খাদ্য প্রতিষ্ঠানগুলিতে মান নিয়ন্ত্রণ না হওয়া এবং এর ফলে সাধারণ মানুষের চরম স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছিল।

বিজেপির বনগাঁ জেলা কালচারাল সেলের কো–কনভেনর অভিক বসাক এই বিষয়ে জানান, "সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বনগাঁ শহরের রেস্তোরাঁগুলি সঠিক গুণমান বজায় রাখছে কিনা, তা খতিয়ে দেখতে আমরা পুরসভার কাছে আবেদন জানিয়েছিলাম। আমাদের সেই দাবির প্রেক্ষিতেই পুরসভা আজ এই সদর্থক পদক্ষেপ করেছে।"

আজকের অভিযানে বিভিন্ন রেস্তোরাঁর রান্নাঘরে ঢুকে খাবার তৈরির উপকরণগুলি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেন আধিকারিকরা। বিশেষ করে খাবারে অতিরিক্ত মাত্রায় আজিনোমোটো, ফুড কালার এবং সুগন্ধি আতর ব্যবহারের মতো সন্দেহজনক রাসায়নিকের উপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কেন এবং কী পরিমাণে এই উপাদানগুলি ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে রেস্তোরাঁ মালিকদের কাছ থেকে লিখিত কৈফিয়ত চাওয়া হয়েছে।

তল্লাশি চালানো প্রতিটি রেস্তোরাঁকে আপাতত এক সপ্তাহের সময়সীমা দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। সংগৃহীত খাদ্যপণ্যের নমুনা পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। ল্যাবের রিপোর্ট আসার পর সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলিকে পুরসভার কাছে বিস্তারিত জবাবদিহি করতে হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ ঠিক করা হবে।

জনসাধারণের স্বাস্থ্য নিয়ে কোনওরকম আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বনগাঁ পুরসভার প্রধান দিলীপ মজুমদার। তিনি বলেন, "জনস্বার্থ ও খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে এই ধরনের আচমকা অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে। শহরের প্রতিটি রেস্তোরাঁর ওপর নিয়মিত নজরদারি চালানো হবে। যে সমস্ত প্রতিষ্ঠানে খাবারের মান নিয়ে গাফিলতি বা অনিয়ম ধরা পড়বে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

পুরসভার এই আকস্মিক ও কঠোর পদক্ষেপকে একযোগে সাধুবাদ জানিয়েছেন বনগাঁর সাধারণ নাগরিক থেকে শুরু করে সচেতন মহল। ভোক্তাদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের নিয়মিত যৌথ অভিযান অত্যন্ত জরুরি বলেই মনে করছেন শহরের বাসিন্দারা।‌ অন্যদিকে রেস্তোরাঁ মালিকদের পুরসভার কাছে দাবি, যারা গুণমান বজায় রেখে রেস্তোরাঁ চালাচ্ছে, তাদের পাশে যেন পুরসভা থাকে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন