Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৭ জুন, ২০২৬

জনকল্যাণ শিবিরের সময়সীমা বাড়াল রাজ্য, আজ ফলতায় মুখ্যমন্ত্রী; ৩ দিনে নাম নথিভুক্ত করলেন ২৬ লক্ষেরও বেশি মানুষ

 

Janakalyan-Sibir

সমকালীন প্রতিবেদন : সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া এবং চাহিদার কথা মাথায় রেখে রাজ্যে চলা ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী, তিন দিন ব্যাপী এই কর্মসূচির মেয়াদ আজ ১৭ জুন, বুধবার বিকেল পাঁচটায় শেষ হওয়ার কথা ছিল। তবে রাজ্য প্রশাসনের নতুন সিদ্ধান্তে আগামী কাল ১৮ জুন, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত এই শিবিরের কর্মকাণ্ড জারি থাকবে।

সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে শুরু করে নানাবিধ নাগরিক পরিষেবা– সব সুবিধা এক ছাদের তলায় পৌঁছে দিতেই গত সোমবার থেকে এই বিশেষ উদ্যোগ শুরু হয়েছে। আজ শিবিরের তৃতীয় দিনে দক্ষিণ ২৪ পরগনার ফলতার মূল অনুষ্ঠান মঞ্চে সকালেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে একাধিক বার্তা দেওয়ার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলা নিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

সোমবার থেকে শুরু হওয়া এই শিবিরে আমজনতার উপস্থিতি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে মোট ২৬ লক্ষ ১১ হাজার ২২২ জন মানুষ বিভিন্ন পরিষেবার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আবেদনকারীদের এই বিশাল তালিকার মধ্যে মহিলাদের সংখ্যাই সবথেকে বেশি বলে জানা গেছে।

প্রশাসনিক সূত্রে খবর, গত মঙ্গলবার পর্যন্ত বাংলার জেলায় জেলায় মোট ২,০৪৩টি ক্যাম্প বা শিবির করা সম্ভব হয়েছে। আজ এবং আগামীকালও এই ক্যাম্পগুলোর মাধ্যমে প্রান্তিক মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে কিছু পরিষেবার মাধ্যমে শিবির শুরু হলেও, দিনে দিনে এর পরিধি বৃদ্ধি করা হয়েছে। 

বর্তমানে এই জনকল্যাণ শিবির থেকে মোট ৫৭ ধরণের সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে। আজ বুধবার থেকেই ১০০ দিনের কাজের যাবতীয় খুঁটিনাটি ও পরিষেবা এই শিবিরগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জনকল্যাণ শিবিরে আসা নাগরিকদের সুবিধার্থে রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক জনমুখী প্রকল্পের আবেদন একই ছাদের নিচে গ্রহণ করা হচ্ছে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, অন্নপূর্ণা যোজনার আবেদনে সম্পূর্ণ রূপ সহায়তা এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ এর সুবিধা। আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তি, প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা এবং অটল পেনশন যোজনার সুবিধা। কন্যাশ্রী, বেটি বচাও বেটি পড়াও এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো প্রকল্পের আবেদন।

শিক্ষাশ্রী, মেধাশ্রী ও তপশিলি বন্ধু প্রকল্প। পিএম বিশ্বকর্মা যোজনা, পিএম মৎস্য সম্পদ যোজনা, ১০০ দিনের কাজ এবং শ্রমিক কল্যাণ প্রকল্প। পিএম উজ্জ্বলা যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা সহ বার্ধক্য ও বিধবা ভাতার মতো সামাজিক সুরক্ষার আবেদন।

প্রশাসনিক মহলের মতে, বর্ধিত এই ২৪ ঘণ্টায় আরও কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। শেষ দিনেও যাতে শিবিরগুলোতে আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিষেবা বজায় থাকে, তার জন্য জেলা প্রশাসনগুলোকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন