সমকালীন প্রতিবেদন : চোট-আঘাতের কালো মেঘ কাটিয়ে শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল ভারতীয় ক্রিকেট মহল। আসন্ন আফগানিস্তান সিরিজের আগে সবুজ সংকেত পেলেন রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়া। জাতীয় ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ওডিআই সিরিজে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। চোটের কারণে তারকা ব্যাটার বিরাট কোহলি আগেই এই সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় শিবির কিছুটা চাপে ছিল। রোহিত ও হার্দিকের অন্তর্ভুক্তি সেই চাপ অনেকটাই হালকা করল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
বিসিসিআই-এর পক্ষ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের দল ঘোষণার সময়ই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, রোহিত ও হার্দিককে বেঙ্গালুরুর জাতীয় উৎকর্ষ কেন্দ্রে (এনসিএ) গিয়ে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সেখানে পাস করার ওপরই নির্ভর করছিল তাঁদের ভাগ্য।
সংবাদসংস্থা সুত্রে জানা গিয়েছে, রোহিত শর্মা সম্পূর্ণ ফিট এবং তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি অপর আর একটি সংবাদসংস্থা নিশ্চিত করেছে যে, অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকেও বোর্ডের চিকিৎসকেরা ছাড়পত্র দিয়েছেন। ফলে আসন্ন ওডিআই সিরিজে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে পারবে টিম ইন্ডিয়া।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত আইপিএল চলাকালীন চোটের কবলে পড়েছিলেন রোহিত ও হার্দিক। চোটের গভীরতা এতটাই ছিল যে, টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচে তাঁরা মাঠে নামতেও পারেননি। তবে এনসিএ-র পুনর্বাসন প্রক্রিয়ার পর তাঁরা এখন পুরোপুরি সুস্থ। বিরাট কোহলির মতো রোহিত শর্মাও বর্তমানে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ থেকে দূরত্ব বজায় রেখে কেবল একদিনের ক্রিকেটেই মনোনিবেশ করছেন। তাঁর মূল লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। আর সেই মেগা টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে নিজের ফর্ম ধরে রাখতে এই সিরিজে ধারাবাহিক রান করা রোহিতের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আগামী ১৩ জুন ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ভারত-আফগানিস্তান দ্বৈরথ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ জুন লখনউতে এবং ২০ জুন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। শুভমন গিলের নেতৃত্বে এই সিরিজে একাধিক তরুণ মুখকে পরখ করে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আফগানিস্তান সিরিজের ঘোষিত ভারতীয় দল :
শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুর্নুর ব্রার এবং হর্ষ দুবে।

.jpeg)






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন