Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৩ জুন, ২০২৬

অধিনায়ক বদলের ভাবনা নাইট শিবিরে, মুম্বই ছেড়ে কলকাতায় ফিরছেন সূর্যকুমার?

 

Change-of-captain

সমকালীন প্রতিবেদন : বিগত দুটি মরশুমের ব্যর্থতা ভুলে আগামী ২০২৭ আইপিএল-কে পাখির চোখ করে এখন থেকেই দল গোছাতে কোমর বেঁধে নামছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর, আগামী মেগা নিলামের আগে নাইট শিবিরে একঝাঁক বড়সড় রদবদল ঘটতে চলেছে, যার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হতে পারে দলের নতুন অধিনায়কের নাম। আর এই অধিনায়কত্বের রেসে এবার উঠে আসছে ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ সূর্যকুমার যাদবের নাম। কেকেআর ম্যানেজমেন্ট তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে সূর্যকুমারকে দলে ফিরিয়ে অধিনায়কের গুরুদায়িত্ব সঁপে দেওয়ার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

প্রসঙ্গত, শেষবার ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের দূরদর্শী নেতৃত্বে আইপিএল ট্রফি ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরেই কেকেআর ম্যানেজমেন্ট শ্রেয়সকে দল থেকে রিলিজ করে দেয়, যা একটি বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। প্রকাশ্যে স্বীকার না করলেও, তার চড়া মূল্য দিতে হয়েছে নাইটদের। শ্রেয়সের বিদায়ের পর অভিজ্ঞ অজিঙ্কা রাহানের ওপর নেতৃত্বের ভার তুলে দেওয়া হলেও, শেষ দুটি মরশুমে (২০২৫ এবং ২০২৬) তিনি দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হন। টানা দুই বছর প্লে-অফে পর্যন্ত পৌঁছাতে পারেনি কেকেআর। ফলে নতুন মরশুমের আগে নেতৃত্ব পরিবর্তন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ভারতীয় জাতীয় দলকে অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জেতালেও, ব্যাটার সূর্যকুমার যাদবের ব্যক্তিগত সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশ্বকাপের আগে থেকেই তাঁর ব্যাটে রানের খরা দেখা দিয়েছিল। সদ্য সমাপ্ত ২০২৬ আইপিএল-ও সূর্যকুমারের জন্য অগ্নিপরীক্ষার মতো ছিল, যেখানে নিজের চেনা ছন্দ ফিরে পেতে পুরোপুরি ব্যর্থ হন ‘স্কাই’। যার চরম খেসারত দিতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে যেমন বাদ পড়েছেন, তেমনই হারিয়েছেন জাতীয় দলের অধিনায়কত্বও।

এই খারাপ ফর্মের জেরে আইপিএলে তাঁর বর্তমান দল মুম্বই ইন্ডিয়ান্স থেকেও সূর্যকুমারের বিদায় এখন প্রায় নিশ্চিত বলে মনে করছে ক্রিকেট মহল। কারণ হিসেবে উঠে এসেছে কিছু চমকপ্রদ তথ্য। সম্প্রতি সূর্যকুমার যাদব তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছেন এবং মুম্বইয়ের জার্সিতে থাকা তাঁর অধিকাংশ ছবিও অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলেছেন। যদিও তাঁর স্ত্রী দেবীশা শেট্টি এখনও ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সকে ফলো করছেন, তবে সূর্যর এই আচরণ দুই পক্ষের মধ্যে তৈরি হওয়া বড়সড় দূরত্বের দিকেই ইঙ্গিত করছে।

২০১৮ সাল থেকে টানা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন সূর্যকুমার। মেগা নিলামে তাঁকে ১৬.২৫ কোটি টাকার বিপুল অঙ্কে রিটেইন করেছিল আম্বানিদের ফ্র্যাঞ্চাইজি। তবে বর্তমান পরিস্থিতিতে ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশের দাবি, মুম্বই ছাড়লে সূর্যকুমারের গন্তব্য হতে পারে তাঁর পুরোনো দল কেকেআর। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের অন্যতম ভরসাযোগ্য মিডল অর্ডার ব্যাটার ছিলেন তিনি।

এই মুহূর্তে কেকেআর দলের একজন যোগ্য অধিনায়ক এবং টপ অর্ডারে একজন শক্তিশালী ভারতীয় ব্যাটসম্যানের একান্ত প্রয়োজন। সূর্যকুমারের নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক ক্রিকেটে দলকে ট্রফি জেতানোর রেকর্ড কেকেআরের জন্য প্লাস পয়েন্ট হতে পারে। এখন ক্রিকেটপ্রেমীদের নজর এটাই যে, মুম্বই ইন্ডিয়ান্স শেষ পর্যন্ত তাদের এই মহাতারকাকে ছেড়ে দেয় কি না, আর কেকেআর তাদের পুরোনো ঘরের ছেলেকে ফিরিয়ে এনে নেতৃত্বের মুকুট পরায় কি না।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন