Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২২ জুন, ২০২৬

তোলাবাজির অভিযোগে গ্রেফতার গাইঘাটার তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি নিরুপম রায়

 

সমকালীন প্রতিবেদন : হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরুপম রায়কে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে বারাসত এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। এই গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই গাইঘাটা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার সকালে ধৃত তৃণমূল নেতাকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিন সকালেই স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা ট্রে ভর্তি ডিম, জুতোর মালা নিয়ে থানা চত্বরে জড়ো হতে শুরু করেন। এরপর নিরুপম রায়কে যখন স্বাস্থ্য পরীক্ষা এবং আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করা হচ্ছিল, তখন ক্ষোভের আগুন আছড়ে পড়ে পুলিশের গাড়ির ওপর। 

ক্ষুব্ধ জনতা প্রথমে থানার গেটের সামনে বসে পড়েন। ফলে পুলিশের গাড়ি আটকে যায়। এরপর পুলিশ কর্মীরা অনেকক্ষণ চেষ্টার পর কোনওরকমে রাস্তা ফাঁকা করে গাড়ি থানা থেকে বের করতে সক্ষম হয়। তারই মধ্যে ধৃতকে লক্ষ কে ডিম, জুতো ছুঁড়ে মারা হয়। যদিও গাড়ির কাচ আটকানো থাকা ডিম তৃণমূল নেতার গায়ে লাগে নি।

গাইঘাটার মানিকহীরা গ্রাম থেকে আসা এক মহিলা বিক্ষোভকারীর অভিযোগ, 'ধৃত তৃণমূল নেতা নিরুপম রায় গাইঘাটা থানার মানিকহীরা গ্রামের বাসিন্দা কানন রায় নামে এক বিজেপি কর্মীকে লোক দিয়ে খুন করিয়েছিল। গত ৩ বছর ধরে তার অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে পড়েছিলাম। ওর ফাঁসির দাবিতে আমরা আজ থানায় বিক্ষোভ দেখাতে এসেছি।' 

এদিন উত্তেজিত জনতা ধৃত তৃণমূল নেতাকে হাতের কাছে না পেয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে কিল, চড়, ঘুষি মারতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। শাসকদলের এই দাপুটে নেতার গ্রেফতারি এবং তাকে কেন্দ্র করে এই বেনজির গণবিক্ষোভের ঘটনায় গোটা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন