Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৬ মে, ২০২৬

বিশ্বজয়ের লক্ষ্য এবার টি-টোয়েন্টিতে: ইংল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

 ‌

World-Cup-Squad

সমকালীন প্রতিবেদন : সালটা ছিল ২০২৫। লর্ডসের ব্যালকনিতে ওডিআই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে ইতিহাস গড়েছিল ভারতের প্রমিলা বাহিনী। সেই সোনালি মুহূর্তের স্মৃতি এখনও টাটকা। কিন্তু থিতু হওয়ার সময় নেই। লক্ষ্য এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বিশ্বসেরা হওয়া। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

প্রত্যাশা মতোই আসন্ন বিশ্বকাপে নীল জার্সিধারীদের সেনাপতির দায়িত্বে থাকছেন অভিজ্ঞ হরমনপ্রীত কৌর। ওডিআই বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে তাঁর ক্ষুরধার মস্তিষ্কের বড় ভূমিকা ছিল। ইংল্যান্ডের কন্ডিশনে তাঁর অভিজ্ঞতা দলের সম্পদ হতে চলেছে। অধিনায়ক হরমনপ্রীতের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন নির্ভরযোগ্য ওপেনার স্মৃতি মান্ধানা। দলের ব্যাটিং গভীরতা বাড়াতে শেফালি বর্মা ও জেমাইমা রদ্রিগেজের ওপর বড় ভরসা রেখেছে নির্বাচক কমিটি। পাশাপাশি বাংলার গর্ব রিচা ঘোষ উইকেটকিপার ও ফিনিশার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন।

বিশ্বকাপের দল নির্বাচনে কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নজর কাড়া অলরাউন্ডার কাশভি গৌতম চোটের কারণে ছিটকে গিয়েছেন। একই কারণে দলের বাইরে থাকতে হচ্ছে আমনজ্যোৎ কৌর ও অভিজ্ঞ পূজা বস্ত্রকরকে। এই তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অভাব পূরণ করাই এখন টিম ইন্ডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ।

তবে চোটের কারণে তৈরি হওয়া এই শূন্যস্থান ভরাট করতে ঘরোয়া ক্রিকেট ও উইমেন্স প্রিমিয়ার লিগের পারফরমারদের ওপর আস্থা রেখেছে বোর্ড। কাশভি গৌতমের বিকল্প হিসেবে দলে জায়গা করে নিয়েছেন এই মরশুমের WPL আবিষ্কার নন্দনী শর্মা। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ডাক পেয়েছেন ভারতী ফুলমালি, যাঁর স্ট্রাইক রেট টুর্নামেন্টে ছিল নজরকাড়া ১৪০।

দলে কামব্যাক করেছেন ইয়াস্তিকা ভাটিয়া। ওপেনিংয়ের ব্যাকআপ এবং দ্বিতীয় উইকেটকিপার হিসেবে তাঁর অন্তর্ভুক্তি দলের ভারসাম্য বাড়াবে। অন্যদিকে, স্পিন বিভাগে শক্তি বাড়াতে দলে ফিরেছেন তরুণ তুর্কি শ্রেয়াঙ্কা পাতিল। ডব্লিউপিএল-এ আরসিবি-র হয়ে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি প্রমাণ করেছেন চাপের মুখেও তিনি কতটা অবিচল। অভিজ্ঞ দীপ্তি শর্মা ও রাধা যাদবের সঙ্গে তাঁর জুটির দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ।

এক নজরে ভারতের ১৫ সদস্যের স্কোয়াড:

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, শ্রী চয়নী, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, অরুন্ধতী রেড্ডি ও নন্দনী শর্মা।

২০২৫-এর ওডিআই বিশ্বকাপ জয়ের পর এবার কুড়ি-বিশের লড়াইয়েও ভারতের সামনে ইতিহাস গড়ার সুযোগ। ডব্লিউপিএল-এর তরুণ প্রতিভা আর অভিজ্ঞ সেনানিদের মিশেলে গড়া এই দল ইংল্যান্ডের মাটিতে কতটা দাপট দেখাতে পারে, এখন সেটাই দেখার। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের পেস-সহায়ক উইকেটে রেণুকা ঠাকুর ও অরুন্ধতী রেড্ডি বড় ভূমিকা নিতে পারেন। সব মিলিয়ে ইংল্যান্ডের বিমানে ওঠার আগে এক সংকল্পবদ্ধ 'টিম ইন্ডিয়া'র ছবিই ধরা পড়ছে নির্বাচকদের পছন্দের তালিকায়।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন