সমকালীন প্রতিবেদন : দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। বাম শাসনের পর তৃণমূল কংগ্রেসের দেড় দশকের একাধিপত্য ঘুচিয়ে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় আসীন হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ৯ মে, শনিবার রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা চলছে। সেই জল্পনার অবসান হতে পারে আগামী ৮ মে। ওইদিন নিউটাউন কনভেনশন সেন্টারের ‘হল সেভেন অডিটরিয়াম’-এ বিজেপির নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবেন অমিত শাহ। সূত্রের খবর, এই বৈঠকেই চূড়ান্ত হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম এবং পূর্ণাঙ্গ মন্ত্রিসভার তালিকা। এরপর নবনির্বাচিত মন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলার রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে– নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক কোথায় হবে? বিজেপি ক্ষমতায় এলে প্রশাসনকে পুনরায় গঙ্গার এপারে ‘রাইটার্স বিল্ডিং’ বা মহাকরণে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বাস্তব পরিস্থিতি বেশ জটিল। ২০১৩ সালে প্রশাসনিক সদর দফতর নবান্নে স্থানান্তরিত হওয়ার পর মহাকরণের সংস্কার কাজ শুরু হলেও তা এখনও অসম্পূর্ণ।
পূর্ত দফতর সূত্রে খবর, মহাকরণের মেইন ব্লকের কাজ মাত্র ২৫-৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। ৩, ৪, ৫ এবং জি ব্লকের সংস্কার এখনও মাঝপথে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও মেইন ব্লকটি ব্যবহারের উপযোগী করে তুলতে আরও অন্তত তিন মাস সময় প্রয়োজন। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার জানিয়েছেন, মহাকরণের অধিকাংশ ব্লকের অবস্থা শোচনীয় হওয়ায় প্রথম ক্যাবিনেট বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি।
তবে বিকল্প হিসেবে নবান্ন বা বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ের নাম উঠে আসছে। বুধবার রাজ্যের মুখ্যসচিব এবং বিধানসভার সচিবের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে, যা থেকে জল্পনা বাড়ছে যে– ঐতিহাসিক কারণে মহাকরণকে গুরুত্ব দিলেও, প্রথম মন্ত্রিসভার বৈঠকটি হয়তো বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়েই আয়োজিত হতে পারে।
শনিবার সকাল ১০টায় ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের যাবতীয় সাংবিধানিক দায়িত্ব কাঁধে তুলে নেবে নতুন বিজেপি সরকার। এখন সবার নজর নিউটাউন ও ব্রিগেডের দিকে– কার হাতে উঠছে বাংলার প্রশাসনিক রাশ আর কোথায় বসবে পরিবর্তনের প্রথম মন্ত্রিসভা।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন