Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৩ মে, ২০২৬

রেশন ব্যবস্থায় আমূল সংস্কার: আটা নয়, মিলবে উন্নত গম, বললেন নতুন খাদ্যমন্ত্রী

 

Ration-System

সমকালীন প্রতিবেদন : রাজ্যের প্রশাসনিক রদবদলের পর এবার জনমানসে সরাসরি প্রভাব ফেলা খাদ্য ও সরবরাহ দফতরে বড়সড় ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়া শুরু করলেন নতুন মন্ত্রী অশোক কীর্তনীয়া। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই তিনি সাফ জানিয়ে দিলেন, রেশন ব্যবস্থায় গেঁড়ে বসা দুর্নীতির শিকড় উপড়ে ফেলাই তাঁর প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের পাতে নিম্নমানের সামগ্রীর বদলে উন্নত মানের চাল ও গম নিশ্চিত করতে একগুচ্ছ কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন তিনি।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “এখন থেকে রেশন দোকানগুলির মাধ্যমে আর আটা সরবরাহ করা হবে না। পরিবর্তে গ্রাহকরা পাবেন উন্নত মানের গম।” মন্ত্রীর দাবি, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও আপস করা হবে না। সরকারি গুদামে বর্তমানে যেটুকু আটা মজুত আছে, তা বিলি করার পর নতুন করে আর আটা সংগ্রহ করবে না দফতর।

দফতরের আধিকারিক ও ব্যবসায়ীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে অশোক কীর্তনীয়া বলেন, “খাদ্য দফতরে এক টাকার দুর্নীতিও বরদাস্ত করা হবে না। যদি কেউ মনে করেন আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন, তবে তিনি জীবনের সবথেকে বড় ভুল করবেন।” তিনি আরও স্পষ্ট করে দেন যে, আগামী জুন মাস থেকে যদি কোনও রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তবে সরাসরি সেই দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

রেশন ব্যবস্থার অপব্যবহার রুখতে পরিচয়পত্র যাচাইয়ের ওপর বিশেষ জোর দিয়েছেন নতুন মন্ত্রী। তিনি সাফ জানান, যাঁদের কাছে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ থাকবে না, তাঁরা সরকারি রেশনের সুবিধা পাবেন না। মূলত ভুয়ো উপভোক্তা কার্ড চিহ্নিত করে তা বাতিল করতেই এই কঠোর অবস্থান।

আগের সরকারের আমলে খাদ্য দফতরে হওয়া আর্থিক কেলেঙ্কারির পাহাড়প্রমাণ অভিযোগ নিয়েও মুখ খুলেছেন অশোক কীর্তনীয়া। তিনি জানান, প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে পুরনো ফাইল পুনরায় খোলা হচ্ছে। দোষীদের কাউকেই রেয়াত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এই বিশাল দুর্নীতির চক্র ভাঙতে আধিকারিকদের মাত্র এক সপ্তাহ সময় দিয়েছেন মন্ত্রী।

প্রশাসনিক মহলের মতে, দায়িত্ব পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই খাদ্যমন্ত্রীর এই ‘অ্যাকশন মোড’ রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবং সাধারণ মানুষের হারানো আস্থা পুনরুদ্ধারে অত্যন্ত কার্যকর হবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন