সমকালীন প্রতিবেদন : মাধ্যমিক পরীক্ষা শেষের ঠিক ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ফল ঘোষণা করেন। এবছর পাশের হার ৮৬.৮৩ শতাংশ এবং মেধা তালিকায় প্রথম দশে স্থান করে নিয়েছে ১৩১ জন পরীক্ষার্থী।
এবারের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য দেখিয়েছে উত্তরবঙ্গ। ৬৯৮ নম্বর (৯৯.৭১%) পেয়ে মেধা তালিকায় এককভাবে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র।
এক নজরে প্রথম তিনের তালিকা:
প্রথম: অভিরূপ ভদ্র (৬৯৮ নম্বর), সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ।
দ্বিতীয়: প্রিয়তোষ মুখোপাধ্যায় (৬৯৬ নম্বর), সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দির, বীরভূম।
তৃতীয়: সৌর জানা (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), অঙ্কনকুমার জানা (পূর্ব মেদিনীপুর) এবং মৈনাক মণ্ডল (বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল)। এঁদের প্রাপ্ত নম্বর ৬৯৫।
পাশের হারের নিরিখে এবার সকলকে চমকে দিয়ে শীর্ষস্থান দখল করেছে পাহাড়ের জেলা কালিম্পং। এই জেলায় পাশের হার ৯৫.১০ শতাংশ। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর এবং কলকাতা।
পর্ষদ সভাপতি জানান, এবারের পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণের হার ছাত্রদের তুলনায় অনেকটাই বেশি ছিল। পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে রেজাল্টে বিশেষ কিউআর কোড ব্যবহার করা হয়েছে।
এবারের পরীক্ষায় মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ জন। পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন।
পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৬৮২ টি। মূল্যায়নে নিযুক্ত শিক্ষকের সংখ্যা ছিল ৫২ হাজার ৩৮২ জন।
সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। পর্ষদ অনুমোদিত কয়েকটি ওয়েবসাইট হলো– www.wbbse.wb.gov.in, www.wbbsedata.com, www.indiaresults.com
সকাল ১০টা থেকে বিভিন্ন ক্যাম্প অফিস মারফত স্কুলগুলিকে মার্কশিট ও সার্টিফিকেট প্রদান করা শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে তাদের প্রাপ্ত শংসাপত্র সংগ্রহ করতে পারবে।
গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছিল ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা। দ্রুততার সাথে স্বচ্ছ ফলাফল প্রকাশ করায় পর্ষদকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষক মহল।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন