Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দালালচক্র বন্ধ করতে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে আচমকা পরিদর্শন বিধায়কের

 ‌

MLA-inspects-hospital

সমকালীন প্রতিবেদন : ‘দালাল রাজ চলবে না, জড়িতরা ধর্মস্থানে যান নয়তো জেলে যাওয়ার প্রস্তুতি নিন’। হাবড়া হাসপাতালে দালালচক্র বন্ধ করতে দালালদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন হাবড়ার বিধায়ক দেবদাস মন্ডল। হাসপাতালে চিকিৎসার জন্য আসা দরিদ্র মানুষেরা যাতে সঠিক পরিষেবা পায়, কোনওরকম দালালদের অত্যাচারের শিকার না হন, তারজন্য কড়া বার্তা দিলেন বিধায়ক।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও কার্যকর করার উদ্দেশ্যে নতুন রাজ্য সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে জেলার সরকারি হাসপাতালগুলিতে লাগাতার পরিদর্শন চলছে। সেই ধারাবাহিকতায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেলেন বিধায়ক। হাসপাতাল চত্বরে ‘দালাল রাজ’ সম্পূর্ণরূপে বন্ধ করতে এবং রোগীদের সঠিক পরিষেবা নিশ্চিত করতে তিনি কঠোর বার্তা দেন।

পরিদর্শনকালে বিধায়ক দেবদাস মণ্ডল সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাসপাতালে দালাল রাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা হয় মালা নিয়ে কোনও ধর্মীয় স্থানে চলে যান, নয়তো সোজা শ্রীঘরে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। হাসপাতালে কোনওরকম অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না।”

এদিন হাসপাতাল সুপার ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকায় বিধায়ক কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, সাধারণ রোগীদের সঙ্গে কোনও ধরনের দুর্ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণ একেবারেই বরদাস্ত করা হবে না। রোগীসেবায় কোনও গাফিলতি বা অবহেলা ধরা পড়লে আইনানুগ কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।

বিধায়ক হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণের ওপরও বিশেষ জোর দেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত লিখিতভাবে জানাতে বলেন যে, বর্তমানে কী কী চিকিৎসা সরঞ্জাম ও পরিকাঠামোর ঘাটতি রয়েছে। তালিকা পেলেই তিনি রাজ্য সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন।

নতুন সরকার যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ, দেবদাস মণ্ডলের এই বক্তব্যে তা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে। তাঁর এই কড়া অথচ ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। অনেকেই আশা প্রকাশ করেছেন যে, এই ধরনের নিয়মিত পরিদর্শন ও কঠোর নজরদারির ফলে হাসপাতালগুলিতে দালালচক্র নিয়ন্ত্রণে আসবে এবং রোগীরা উন্নতমানের পরিষেবা পাবেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন