সমকালীন প্রতিবেদন : ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজের জন্য ভারতীয় টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করল বিসিসিআই। ঘোষিত এই স্কোয়াডে একঝাঁক চমক যেমন রয়েছে, তেমনই নির্বাচকদের কড়া সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে একাধিক সিনিয়র ক্রিকেটারকে। জুনে আফগান বাহিনীর বিরুদ্ধে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। দুই ফরম্যাটেই টিম ইন্ডিয়ার অধিনায়ক নির্বাচিত হয়েছেন তরুণ তারকা শুভমান গিল। তবে সবচেয়ে বড় খবর হলো, দলে নাম থাকলেও রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার খেলা এখনও নিশ্চিত নয়।
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে। তবে প্রধান নির্বাচক অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলে থাকা সত্ত্বেও তাঁদের চূড়ান্ত অংশগ্রহণ নির্ভর করছে সম্পূর্ণ ফিটনেস পরীক্ষার ওপর। ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম সবুজ সংকেত দিলেই কেবল তাঁরা মাঠে নামতে পারবেন, অন্যথায় নয়।
এই দল ঘোষণায় সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ঋষভ পন্থের ওপর। সাম্প্রতিক খারাপ ফর্মের কারণে টেস্ট দলের সহ-অধিনায়কত্ব খোয়াতে হয়েছে তাঁকে। তাঁর পরিবর্তে টেস্টে গিলের ডেপুটি করা হয়েছে কেএল রাহুলকে। ওয়ানডে দল থেকেও সম্পূর্ণ বাদ পড়েছেন পন্থ। অন্যদিকে, দুই ফরম্যাটেই ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। তবে ওয়ানডে-তে শেষবার গত জানুয়ারিতে খেলা জাদেজাকে সত্যিই বিশ্রাম দেওয়া হলো, নাকি ফর্মের কারণে বাদ দেওয়া হলো– তা নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে।
টানা খেলার ক্লান্তি দূর করতে তারকা পেসার জসপ্রীত বুমরাকে অবশ্য যুক্তিযুক্তভাবেই বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ, ৬-১০ জুনের এই টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত নয়। চোট সারিয়ে দলে ফিরেছেন শুভমান গিলও। তবে দলে জায়গা হয়নি পেসার মহম্মদ শামির। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। দীর্ঘ ৩ বছর পর ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটল তাঁর। তিনি দলে ফিরলেও সঞ্জু স্যামসনের ভাগ্য এবারও খোলেনি।
গৌতম গম্ভীরের কোচিংয়ে এই সিরিজে তরুণ ক্রিকেটারদের ওপর বড় ভরসা দেখিয়েছে নির্বাচক মণ্ডলী। প্রথমবার জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিনার মানব সুতার এবং পেসার গুরনুর ব্রার, যাঁরা দুজনেই আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে নজর কেড়েছেন। ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন প্রিন্স যাদব ও হর্ষ দুবে।
আগামী ৬ জুন মুল্লানপুরে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪, ১৭ এবং ২০ জুন। ওয়ানডে ম্যাচগুলির আসর বসবে ধর্মশালা, লখনউ ও চেন্নাইয়ে। ওয়ানডে ক্রিকেটে শুভমান গিলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার।
ঘোষিত ভারতীয় স্কোয়াড:
টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পড়িক্কল, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মানব সুথার, গুরনুর ব্রার, হর্ষ দুবে, ধ্রুব জুরেল।
ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, প্রিন্স যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন