সমকালীন প্রতিবেদন : আইপিএলের মাঝপথেই সূচিতে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কারণ দর্শিয়ে আগামী দুটি হাই-ভোল্টেজ ম্যাচের ভেন্যু বা খেলার জায়গা পরিবর্তন করা হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
বোর্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী, গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার দুটি ম্যাচের মাঠ অদলবদল করা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল আমদাবাদে গুজরাত বনাম চেন্নাইয়ের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু নয়া সিদ্ধান্তে ম্যাচটি এখন আয়োজিত হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। ওই দিন দুপুর ৩:৩০ থেকেই খেলা শুরু হবে।
একইভাবে, ২১ মে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে যে ফিরতি ম্যাচটি হওয়ার কথা ছিল, সেটি এখন সরে গিয়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। রুতুরাজ গায়কোয়াড়দের বদলে এই ম্যাচটি এখন ঘরের মাঠে খেলার সুযোগ পাবে টাইটান্স বাহিনী। ম্যাচটি শুরু হবে নির্ধারিত সময়েই, অর্থাৎ সন্ধে ৭:৩০ মিনিটে।
বিসিসিআই সূত্রে খবর, আমদাবাদ সহ গুজরাতের বিভিন্ন পুরসভায় আগামী ২৬ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে। নির্বাচনের দিন স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলার কাজে ব্যস্ত থাকবে। ফলে একই দিনে আমদাবাদে আইপিএলের মতো মেগা ইভেন্ট আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে স্থানীয় প্রশাসন।
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে বিসিসিআই ম্যাচ দুটি অদলবদল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভেন্যু বদলে যাওয়ায় দুই দলেরই রণকৌশলে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশেষ করে চেন্নাইয়ের স্পিন-সহায়ক পিচে গুজরাতের লড়াই এবং আমদাবাদের বিশাল গ্যালারিতে চেন্নাইয়ের চ্যালেঞ্জ এখন নতুন মাত্রা পেল।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন