সমকালীন প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে বাইক চলাচলের ওপর গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সোমবার সন্ধ্যা ৬টা থেকে ‘গ্রুপ মোটরবাইক রাইডিং’ বা দলবদ্ধভাবে বাইক চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত প্রয়োজনে একা বাইক চালানোর ক্ষেত্রে ছাড় দিয়েছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকে ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই একাধিক বাইক নিয়ে মিছিল বা জটলা করা যাবে না। তবে সাধারণ নাগরিকরা ব্যক্তিগত প্রয়োজনে একা বাইক চালাতে পারবেন।
নির্দেশিকার প্রধান দিকগুলি হলো, ভোটের আগের ৪৮ ঘণ্টা দল বেঁধে বা একাধিক বাইক নিয়ে রাস্তায় বেরোনো সম্পূর্ণ নিষিদ্ধ। মঙ্গলবার সন্ধ্যা থেকে একা বাইক চালানো যাবে, তবে জরুরি প্রয়োজন ছাড়া পিছনে কোনো সওয়ারি নেওয়া যাবে না। ভোটের দিন (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটারদের সুবিধার্থে বাইকের পিছনে সওয়ারি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
অফিস যাত্রী, পারিবারিক অনুষ্ঠান, অ্যাপ-ভিত্তিক ডেলিভারি ও জরুরি পরিষেবার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না। তবে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিচয়পত্র দেখাতে হবে।
উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ভোটকে কেন্দ্র করে বাইক চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরবর্তীতে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ কমিশনের নির্দেশিকায় আংশিক সংশোধন আনে।
শুনানি চলাকালীন বিচারপতি শম্পা সরকার স্পষ্ট জানান, "ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না।" তাই একা বাইক চালানো বন্ধ করা অনুচিত। তবে ভোটের মতো সংবেদনশীল সময়ে একাধিক বাইক একসঙ্গে চললে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে– এই আশঙ্কা থেকেই ‘গ্রুপ রাইডিং’-এর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
আদালতের এই নির্দেশের পর প্রশাসন ও পুলিশকে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চের বাকি নির্দেশগুলি অপরিবর্তিত থাকলেও বাইক সংক্রান্ত এই সংশোধিত নিয়ম কার্যকর করতে ময়দানে নেমেছে পুলিশ। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মহলের মতে, ‘বাইক বাহিনী’র দাপট রুখতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হবে।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন