Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কেকেআরের নতুন সহ-অধিনায়ক রিঙ্কু সিং

 

Vice-Captain-Rinku-Singh

সমকালীন প্রতিবেদন : জল্পনাই সত্যি হলো। কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যতের সেনাপতি হিসেবে বেছে নেওয়া হলো দলের ঘরের ছেলে রিঙ্কু সিংকে। আসন্ন আইপিএল মরসুমে অজিঙ্কা রাহানের ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন এই মারকুটে ব্যাটার। মঙ্গলবার কেকেআর কর্তৃপক্ষের এই ঘোষণায় উচ্ছ্বসিত নাইট সমর্থকরা।

গত মরসুমের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারকে এবার দলে রাখেনি কলকাতা। ফলে এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য মুখের সন্ধান চলছিল। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রস্তুতি ম্যাচগুলোতে রিঙ্কুর অধিনায়কত্ব ম্যানেজমেন্টের নজর কেড়েছে।

প্রস্তুতি ম্যাচে একদিকে ছিলেন অভিজ্ঞ রাহানে, অন্য দলের ভার ছিল রিঙ্কুর কাঁধে। সেখানে তাঁর রণকৌশল এবং মাঠের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মুগ্ধ করেছে অভিষেক নায়ারসহ দলের সাপোর্ট স্টাফদের।

দলের কোচিং স্টাফদের মতে, জাতীয় দলের জার্সিতে রিঙ্কু যে আগ্রাসন দেখান, নেতৃত্বের ক্ষেত্রেও তাঁর সেই একই ইতিবাচক মানসিকতা দলকে চাঙ্গা করবে। কর্ণধার শাহরুখ খানের অত্যন্ত প্রিয় এই ক্রিকেটার ২০১৮ সাল থেকে বেগুনি-সোনালি শিবিরের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ আনুগত্যের পুরস্কারই পেলেন রিঙ্কু।

কেকেআর আগেই স্পষ্ট করে দিয়েছিল যে, অভিজ্ঞ অজিঙ্কা রাহানের কাঁধেই থাকছে অধিনায়কত্বের ব্যাটন। ২৮ বছর বয়সী রিঙ্কুকে তাঁর সহকারী হিসেবে নিয়োগ করার পিছনে একটি সুদূরপ্রসারী ভাবনা কাজ করছে বলে মনে করা হচ্ছে।

উত্তরপ্রদেশ দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের সামান্য অভিজ্ঞতা থাকলেও, আইপিএলের মতো বড় মঞ্চে রাহানের অধীনে থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবেন রিঙ্কু। রাহানের উত্তরসূরি হিসেবে রিঙ্কুকে এখন থেকেই তৈরি রাখতে চাইছে নাইট ব্রিগেড। যাতে আগামী কয়েক বছর পর নেতৃত্বের ব্যাটন বদল মসৃণ হয়।

২০১৮ সালে কেকেআর শিবিরে যোগ দেওয়ার পর থেকে রিঙ্কু সিংয়ের উত্থান রূপকথার মতো। বিশেষ করে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল। এবার ফিনিশারের ভূমিকা পালনের পাশাপাশি ফিল্ড সেট করা বা বোলার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাঁকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাবে। নাইট শিবিরের এই মাস্টারস্ট্রোকে আইপিএলের লড়াই আরও জমে উঠবে বলেই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।‌







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন