Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৪ মার্চ, ২০২৬

তৃণমূল ছাত্র পরিষদ ও যুব শাখার মধ্যে সংঘর্ষ, থানায় বিক্ষোভ, উত্তপ্ত বনগাঁ

 

Trinamool-Factional-Feud

সমকালীন প্রতিবেদন : বনগাঁর কলঘাট এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই শাখা সংগঠনের মধ্যে প্রকাশ্য সংঘর্ষে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের বনগাঁ শহর সভাপতি প্রমিত ঘোষ ও তাঁর অনুগামীদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিবাদে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা বনগাঁ থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছেন।

প্রমিত ঘোষের অভিযোগ, এলাকায় অসামাজিক কার্যকলাপ এবং অবৈধ ব্যবসার রমরমা কারবার চলছে। তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসবের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এর 'প্রতিশোধ' হিসেবে প্রশান্ত দত্ত ও তাঁর দলবল তাঁদের ওপর চড়াও হয়। প্রমিতবাবু বলেন, "এলাকার মাঠে দুই নম্বরি কারবার ও অসামাজিক কাজকর্ম চলছে। আমি প্রতিবাদ করায় আমাকে ও আমার সঙ্গীদের বেধড়ক মারধর করা হয়েছে। জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন।"

অন্যদিকে, অভিযুক্ত প্রশান্ত দত্ত ও তাঁর অনুগামী যুব তৃণমূল কর্মীরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে তাঁরা প্রমিত ঘোষের দলবলের বিরুদ্ধে পালটা হামলার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রশান্তবাবুর দাবি, বিবাদের মূলে কোনো রাজনৈতিক প্রতিবাদ নেই, বরং দোলের দিন স্থানীয় একটি পার্কে মহিলাদের প্রতি আপত্তিকর আচরণের ঘটনা। পাড়ার বাসিন্দারা গণস্বাক্ষর করে প্রতিবাদ জানানোয় পুরসভা পার্কটি বন্ধ করে দেয়। এই আক্রোশ থেকেই আজকের হামলা বলে তাঁর দাবি। তিনি বলেন, "নিজেদের দোষ ঢাকতে তারা এখন মিথ্যা অভিযোগ তুলছে।"

ঘটনার পর থেকে কলঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুপুর থেকে প্রমিত ঘোষের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা থানার সামনে বিক্ষোভ শুরু করেন। যুব তৃণমূলের পক্ষ থেকেও পালটা অভিযোগ দায়ের করা হয়েছে। একই দলের দুটি সংগঠনের মধ্যে এই প্রকাশ্য বিবাদ স্থানীয় তৃণমূল শিবিরে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উভয় পক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখে প্রকৃত দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এই ধরনের অভ্যন্তরীণ সংঘাত দলের ঐক্যের ওপর প্রশ্ন তুলেছে। এই বিবাদ মিটিয়ে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে দল।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন