সমকালীন প্রতিবেদন : রাজ্য রাজনীতিতে বিধানসভা নির্বাচনের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়নে বড়সড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কলকাতার প্রশাসনিক সভা থেকে পশ্চিমবঙ্গ তথা সমগ্র পূর্ব ভারতের জন্য প্রায় ১৮ হাজার ৭০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। রেল, সড়ক ও বন্দর থেকে শুরু করে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা, উন্নয়নের একগুচ্ছ অঙ্গীকার শোনা গেল প্রধানমন্ত্রীর কণ্ঠে।
এদিনের কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে ছিল রেলের ভোলবদল। কেন্দ্রীয় সরকারের ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় বাংলার ছয়টি গুরুত্বপূর্ণ স্টেশনের আধুনিকীকরণের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের মধ্যে সংযোগ আরও সুদৃঢ় করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরুলিয়া-আনন্দ বিহারগামী একটি নতুন ট্রেনের শুভ সূচনা করেন তিনি। সবুজ পতাকা নেড়ে এই ট্রেনের যাত্রারম্ভ ঘোষণা করে মোদী বলেন, "রেলের এই উন্নয়ন সাধারণ মানুষের যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।"
যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে বীরভূমের দুবরাজপুরে একটি নতুন বাইপাস তৈরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এই প্রকল্প অত্যন্ত কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও নিটোল করতে শিলাবতী ও কংসাবতী নদীর ওপর দুটি নতুন সেতু নির্মাণের কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর কথায়, "এই সেতু ও সড়কগুলো তৈরি হলে রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে যাতায়াত যেমন সহজ হবে, তেমনই স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।"
কলকাতা থেকে মোদী স্পষ্ট করে দেন যে, সড়ক, বন্দর ও রেল পরিকাঠামো শক্তিশালী করার মাধ্যমে পূর্ব ভারতকে দেশের উন্নয়নের নতুন শক্তিকেন্দ্রে পরিণত করাই তাঁর লক্ষ্য। ১৮ হাজার ৭০০ কোটির এই বিপুল বিনিয়োগ কেবল বর্তমানের জন্য নয়, বরং আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবেই করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
রাজনৈতিক মহলের মতে, আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে। তার ঠিক কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর এই মেগা প্রকল্পের ডালি সাজানো রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক মঞ্চকে ব্যবহার করে একদিকে যেমন উন্নয়নের বার্তা দিলেন মোদী, অন্যদিকে বিরোধীদের মোকাবিলায় উন্নয়নের কার্ডকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করলেন তিনি। লোকসভা ও বিধানসভা ভোটের আগে এই ঘোষণা বঙ্গ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন