Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের ছায়া আইপিএলে! বিদেশি তারকাদের আগমন অনিশ্চিত

 ‌

Shadow-of-War-over-the-IPL

সমকালীন প্রতিবেদন : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট আইপিএলে। প্রথম পর্বের সূচি ঘোষণা হয়ে গেলেও টুর্নামেন্ট সময়মতো শুরু করা যাবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এরই মধ্যে নতুন করে উদ্বেগের খবর সামনে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, যদি আইপিএল নির্ধারিত সময়ে শুরুও হয়, তবু শুরুর দিকে সব বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে বড়সড় সংশয় দেখা দিয়েছে।

আসল সমস্যা তৈরি হয়েছে দুবাই ও দোহার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে বিমান চলাচলের অস্বাভাবিকতা নিয়ে। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে এই দুই কেন্দ্রে এখনও স্বাভাবিকভাবে ফ্লাইট চলছে না। আইপিএলে যোগ দেওয়ার জন্য তাঁদের ভারতে আসতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সময়মতো তাঁদের ফেরা সম্ভব কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আইপিএল শুরু হতে এখনও প্রায় দু’সপ্তাহ বাকি। কিন্তু যুদ্ধ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই সময়ের মধ্যে ক্রিকেটারদের ভারতে পৌঁছানো প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। শুধু ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা নয়, আরও একাধিক দেশের ক্রিকেটার ভারতে আসার সময় দোহা বা দুবাইকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। ফলে সমস্যাটি বেশ গুরুতর। 

যুদ্ধ পরিস্থিতির কারনে প্রায় প্রতিটি আইপিএল দলই কমবেশি প্রভাবিত হবে। বিশেষ করে যেসব দলে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার রয়েছেন, তাঁদের ক্ষেত্রে প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা। যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়েছে জ্বালানি সংকটে। গোটা বিশ্বেই তেল-গ্যাসের সরবরাহে টান পড়েছে। ভারতের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। 

কেন্দ্র ইতিমধ্যেই গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণে ‘এসমা’ জারি করেছে। এমন এক সংকটময় পরিস্থিতিতে আইপিএলের মতো বিশাল মহাযজ্ঞ আয়োজন করা আদৌ সম্ভব কি না, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বোর্ডের কাছে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।

তবে আইপিএল পুরোপুরি বন্ধ করার চিন্তা এখনও করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ মুহূর্ত পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপরই নির্ভর করছে আইপিএল ২০২৬-এর ভবিষ্যৎ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন শুধুই অপেক্ষা, কবে স্বাভাবিকতা ফিরবে এবং কবে মাঠে ফিরবে তারকারা।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন