Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৪ মার্চ, ২০২৬

নীল জার্সিতে ফিরছেন রোহিত-কোহলি, জুনেই আফগান-বধের ছক টিম ইন্ডিয়ার

 

Rohit-Kohli-returning

সমকালীন প্রতিবেদন : প্রতীক্ষার অবসান হতে চলেছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। দীর্ঘ বিরতির পর আবারও দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেটে দেখা যেতে চলেছে দুই মহাতারকা– বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। আগামী জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ দিয়েই প্রত্যাবর্তন ঘটছে তাঁদের। একই সঙ্গে চোট সারিয়ে বা বিশ্রামের পালা শেষ করে ফিরছেন টেস্ট অধিনায়ক শুভমন গিলও।

বর্তমানে রোহিত ও কোহলিকে শুধুমাত্র একটি ফরম্যাটেই (এক দিনের ম্যাচ) দেখা যায়। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাঁদের মাঠের বাইরে ডাগ-আউটে বা গ্যালারিতে দেখা গেলেও, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য জুন মাসকেই বেছে নিয়েছে বোর্ড। কোহলি পারিবারিক কারণে লন্ডনে থাকলেও আইপিএলের প্রস্তুতি সারতে ইতিমধ্যেই দেশে ফিরেছেন। অন্যদিকে, রোহিত শর্মা বিশ্বকাপের দূত হিসেবে আইসিসি-র বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকলেও আফগান সিরিজ দিয়েই ফের ব্যাট হাতে ২২ গজে নামবেন তিনি।

জুন মাসে আফগানিস্তান দল ভারত সফরে আসছে একটি মাত্র টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলতে। বিসিসিআই সূত্রে প্রাপ্ত সূচি অনুযায়ী একমাত্র টেস্ট ৬ জুন থেকে শুরু হবে নিউ চণ্ডীগড়ে। এই ম্যাচ দিয়েই লাল বলের ক্রিকেটে পুনরায় নেতৃত্ব দেবেন শুভমন গিল। প্রথম ওডিআই হবে ১৪ জুন, ধর্মশালায়। দ্বিতীয় ওডিআই হবে ১৭ জুন, লখনউতে। তার তৃতীয় ওডিআই হবে ২০ জুন, চেন্নাইতে।

সামনের বছর ওডিআই বিশ্বকাপ। আর সেই লক্ষ্যেই এখন থেকেই কোমর বেঁধে নামছে ভারতীয় দল। বোর্ড সূত্রে খবর, ফিটনেস ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই রোহিত ও কোহলিকে দলে রাখা হচ্ছে। গত কয়েকটি সিরিজে কোহলি একাধিক শতরান করে নিজের চেনা ছন্দ বজায় রেখেছেন, পিছিয়ে নেই রোহিতও। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, নিয়মিত রান পাওয়াটাই হবে দলে টিকে থাকার প্রধান শর্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলেও শুভমন গিলের ওপর পূর্ণ আস্থা রাখছে নির্বাচক মণ্ডলী। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং এক দিনের সিরিজ– উভয় ক্ষেত্রেই অধিনায়ক হিসেবে দেখা যাবে তাঁকে। তরুণ এই তারকার অধীনেই অভিজ্ঞ রোহিত-কোহলি জুটিকে খেলতে দেখা যাবে, যা ভারতীয় ক্রিকেটে এক নতুন রসায়নের ইঙ্গিত দিচ্ছে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন