Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সবুজ সংকেত পেলেন পাথিরানা, দুশ্চিন্তা কাটিয়ে পূর্ণশক্তিতে নামছে কেকেআর

 

Matheesha-Pathirana

সমকালীন প্রতিবেদন : আইপিএল শুরুর প্রাক্কালে বড়সড় স্বস্তির হাওয়া কলকাতা নাইট রাইডার্স শিবিরে। চোটের মেঘ কাটিয়ে অবশেষে মাঠে নামার ছাড়পত্র পেলেন শ্রীলঙ্কান গতি তারকা মাথিশা পাথিরানা। লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে তাঁকে টুর্নামেন্টে খেলার জন্য 'ফিট' ঘোষণা করায় হাসি ফুটেছে শাহরুখ খানের দলের থিঙ্কট্যাঙ্কের মুখে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাথিরানা। সেই চোট এতটাই গুরুতর ছিল যে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যেতে হয় তাঁকে। নিলামে ১৮ কোটি টাকার বিপুল অঙ্কে কেনা এই বোলারের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। কেকেআর কর্তৃপক্ষ তাঁর জন্য একাধিকবার বিমান টিকিট বুক করলেও চোট না সারায় তা বাতিল করতে হয়েছিল। 

পাথিরানার শারীরিক অবস্থা নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বাউন্ডুলা দিসানায়ক সংবাদসংস্থাকে জানান, "পাথিরানা এখন সম্পূর্ণ ফিট। তাঁর রিহ্যাব প্রক্রিয়া শেষ হয়েছে এবং বোর্ডের পক্ষ থেকে তাঁকে এনওসি দেওয়া হয়েছে।" তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে, মাঠে নামার আগে চূড়ান্ত ফিটনেস পরীক্ষা নেবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

আগামী ২৯ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা। তার আগে বোলিং আক্রমণ নিয়ে বেশ চাপে ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও অভিষেক নায়াররা। বিসিসিআই-এর নির্দেশে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছে দলকে। অন্যদিকে, তরুণ পেসার হর্ষিত রানার অস্ত্রোপচার হওয়ায় তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে ১৮ কোটির পাথিরানার ফেরা কেকেআরের পেস অ্যাটাককে এক ধাক্কায় অনেক শক্তিশালী করে তুলল।

আগামী ২৫ মার্চ মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন অজিঙ্কা রাহানেরা। মনে করা হচ্ছে, পাথিরানা সরাসরি সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন। গত মরসুমের পারফরম্যান্স এবং ডেথ ওভারে তাঁর কার্যকারিতার কথা মাথায় রেখেই মোটা অঙ্কে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। এখন দেখার, চোট সারিয়ে ফিরে বেগুনি-সোনালি জার্সিতে কতটা আগুন ঝরাতে পারেন এই লঙ্কান পেসার।‌‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন