সমকালীন প্রতিবেদন : রাজ্যের ভোটের দামামা বাজতেই ঘর গোছাতে শুরু করে দিল আলিমুদ্দিন। নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল-বিজেপিকে চমকে দিল বামফ্রন্ট। সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক বৈঠকে ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই তালিকায় যেমন প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের ওপর ভরসা রাখা হয়েছে, তেমনই বড় অংশ জুড়ে রয়েছে ছাত্র-যুব আন্দোলনের পরিচিত মুখেরা।
বামেদের প্রথম দফার তালিকায় সবথেকে বড় চমক হল তারুণ্যের প্রাধান্য। লোকসভা নির্বাচনে নজর কাড়া ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি উত্তর দমদমে দীপ্সিতা ধর, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, বরানগরে সায়নদীপ মিত্র এবং সপ্তর্ষি দেবের মতো একঝাঁক যুব নেতাকে নির্বাচনী ময়দানে নামানো হয়েছে। তবে প্রথম তালিকায় সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো চেনা মুখদের নাম আপাতত না থাকলেও, বিমান বসু জানিয়েছেন আগামী ৩-৪ দিনের মধ্যেই দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করা হবে।
তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতায় শাণ দিতে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রবীণ আইনজীবী তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। এছাড়াও তালিকায় রয়েছেন মানস মুখোপাধ্যায়ের মতো পরিচিত মুখ। তবে এবারের তালিকায় সবথেকে আবেগী এবং তাৎপর্যপূর্ণ সংযোজন হল নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রের প্রার্থী সাবিনা ইয়াসমিন। লোকসভা নির্বাচনের পরবর্তী হিংসায় বোমার আঘাতে নিহত শিশু তামান্নার মা সাবিনাকে প্রার্থী করে বামেরা যে শাসকদলের বিরুদ্ধে কড়া রাজনৈতিক বার্তা দিতে চাইছে, তা স্পষ্ট।
প্রথম দফার ১৯২ জনের মধ্যে ২৮ জন মহিলাকে প্রার্থী করা হয়েছে। এদিন বিমান বসু স্পষ্ট করে দেন, তাঁদের লড়াই মূলত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। বামপন্থী ভাবধারার পুনরুত্থান ঘটাতে এবং বিজেপি-তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক ছাতার তলায় আনাই তাঁদের মূল লক্ষ্য। জোটের জট কাটিয়ে সহযোগী দলগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে বাকি আসনগুলির নামও দ্রুত ঘোষণা করা হবে বলে বামফ্রন্ট সূত্রে খবর।
এদিকে, বনগাঁ উত্তর কেন্দ্রে ফের সিপিএম প্রার্থী হিসেবে লড়াইতে নামছেন পীযূষ সাহা। পেশায় শিক্ষক এবং সিপিএমের শিক্ষক সংগঠন এবিটিএ–এর মহকুমা, জেলা তথা রাজ্যস্তরের নেতা পীযূষ এর আগে ২০২১ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অন্যদিকে, বনগাঁ দক্ষিণ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হয়েছেন আশীষ সরকার। প্রাক্তন এই সরকারি কর্মী এবার প্রথম নির্বাচনে লড়াই করছেন। বাগদা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষক গৌর বিশ্বাস। আর পেশায় চিকিৎসক সজল বিশ্বাস গাইঘাটা কেন্দ্রে সিপিআই–এর প্রার্থী হয়েছেন।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন