Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

কেকেআর-এর নেতৃত্ব ছাড়ছেন রাহানে? ভাইরাল পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া

 ‌

KKR-Captain

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দামামা বেজে গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ সূচি না হলেও প্রথম ২০টি ম্যাচের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে বিসিসিআই। মাঠের লড়াই শুরু হতে যখন আর মাত্র কয়েক দিন বাকি, ঠিক তখনই এক বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতা নাইট রাইডার্স শিবিরে। 

ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, নাইটদের অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছেন অজিঙ্কা রাহানে। কিন্তু এই খবরের সত্যতা কতটুকু? গত ১২ মার্চ একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি গ্রাফিক্স কার্ড শেয়ার করা হয়। সেখানে রাহানের ছবি দিয়ে লেখা ছিল, "কেকেআরের হয়ে অধিনায়কত্ব করা এবং ম্যাচ জেতানোটা দারুণ গৌরবের ছিল। তবে সামনেই নতুন ঘরোয়া মরশুম আসছে, তাই আমার মতে এটাই এক নতুন অধিনায়ককে তৈরি করার সঠিক সময়। সেই কারণেই আমি অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" 

এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বার্তার ধরন এবং ভাষা যথেষ্ট আনুষ্ঠানিক হওয়ায় অতি সহজেই সাধারণ সমর্থকরা এটিকে সত্যি বলে ধরে নেন। কেকেআর ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়– যদি রাহানে সরে দাঁড়ান, তবে নতুন মরশুমে বেগুনি-সোনালি ব্রিগেডের ব্যাটন উঠবে কার হাতে?

অনুসন্ধানে দেখা গিয়েছে, এই ভাইরাল পোস্টটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। অজিঙ্কা রাহানে নিজে বা কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ– কেউই এই ধরণের কোনও ঘোষণা করেনি। প্রকৃতপক্ষে, বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে রাহানের একটি পুরনো বয়ানকে বিকৃত করা হয়েছে। গত বছর মুম্বই রঞ্জি দলের নেতৃত্ব ছাড়ার সময় রাহানে ঠিক এই কথাগুলোই লিখেছিলেন। এক শ্রেণির অসাধু ইউজার সেই পুরনো পোস্টের কিছু শব্দ বদলে কেকেআর-এর নাম জুড়ে দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে।

গুঞ্জন উড়িয়ে নামী সংবাদমাধ্যমের রিপোর্ট জানাচ্ছে, আসন্ন আইপিএল মরশুমেও কেকেআরের সেনাপতি থাকছেন অজিঙ্কা রাহানেই। গত মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে কেকেআর সমর্থকদের খুব একটা স্বস্তি দিতে পারেনি। পয়েন্ট তালিকার আট নম্বরে শেষ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল তারা। সেই ব্যর্থতা ভুলে নতুন মরশুমে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম কেকেআর।

আপাতত নেতৃত্বের বদল নিয়ে কোনও সম্ভাবনা নেই নাইট রাইডার্স শিবিরে। সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরে কান না দিয়ে সমর্থকরা এখন মাঠের লড়াই দেখার অপেক্ষায়। রাহানের ক্ষুরধার মস্তিস্ক আর ইডেন গার্ডেন্সের গ্যালারি ভর্তি গর্জন কি এবার কেকেআর-কে তৃতীয় ট্রফি এনে দেবে? উত্তর মিলবে বাইশ গজেই।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন