Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

কালবৈশাখীর দাপট রাজ্যজুড়ে

 

Fury-of-Kalbaishakhi

সমকালীন প্রতিবেদন : সকাল থেকেই মেঘলা আকাশে ঢেকেছে রাজ্যের বিস্তীর্ণ অংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেল গড়াতেই দক্ষিণবঙ্গজুড়ে কালবৈশাখীর ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবুও দক্ষিণবঙ্গের দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানানো হয়েছে। বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এপ্রিলের প্রথম সপ্তাহেই পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, ফলে বাড়বে গরম ও অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

তবে বুধবার থেকে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে। যদিও হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আবহাওয়া দফতরের মতে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা মূলত মঙ্গলবারেই সীমাবদ্ধ।

এদিকে, কলকাতার তাপমাত্রা ক্রমশ বাড়ার ইঙ্গিত মিলেছে। আগামী শুক্র ও শনিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা সংলগ্ন উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, যা মাঝে মাঝে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদরা।

অন্যদিকে, উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে কিছু এলাকায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এছাড়া কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির প্রবণতা কমবে এবং তাপমাত্রা সামান্য বাড়বে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গেও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে ঝড়বৃষ্টির মাঝেই রাজ্যজুড়ে বাড়তে পারে গরমের অস্বস্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন