Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ঘোষিত হল আইপিএলের পূর্ণাঙ্গ সূচি, দেশের ১৩ শহরে ৭০ ম্যাচের মহাযুদ্ধ

 

Full-IPL-Schedule

সমকালীন প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ আইপিএলের গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে নিরাপত্তার খাতিরে মাত্র ২০টি ম্যাচের সূচি জানানো হলেও, এবার দেশের বিভিন্ন প্রান্তে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ মাথায় রেখে বাকি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, ২৮ মার্চ থেকে শুরু হওয়া এই মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের ১৩টি শহরে।

২৮ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। তবে গত বছরের বিয়োগান্তক ঘটনার স্মৃতিতে এবার কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না।

কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করছে ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ঘরের মাঠ ইডেনে টানা তিনটি ম্যাচ খেলবে অজিঙ্কা রাহানের দল। ২ এপ্রিল হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে বেগুনি-সোনালি ব্রিগেড।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ইডেনে কোনো ম্যাচ রাখা হয়নি। রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ এবং ৪ মে ফলাফল ঘোষণা। এই সময়টিতে কেকেআর মূলত অ্যাওয়ে ম্যাচ খেলবে। দ্বিতীয় দফার সূচি অনুযায়ী, কেকেআর ১৪ এপ্রিল চেন্নাইয়ে ধোনিদের বিরুদ্ধে এবং ১৭ এপ্রিল আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে। 

এরপর ১৯ এপ্রিল ইডেনে রাজস্থানের বিরুদ্ধে খেলে তারা লখনউ ও হায়দরাবাদে পাড়ি দেবে। ১৬ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের কলকাতায় ফিরবে আইপিএল। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ ২০ ও ২৪ মে যথাক্রমে মুম্বই ও দিল্লির বিরুদ্ধে ইডেনেই খেলবে কেকেআর।

এবারের আইপিএলে মোট ১২টি দিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসে আট দিন এবং মে মাসে চার দিন দুপুর ও সন্ধ্যায় খেলা হবে। দুপুরের ম্যাচগুলি শুরু হবে ৩:৩০ মিনিটে এবং সন্ধ্যার ম্যাচগুলি ৭:৩০ মিনিটে। কেকেআরের ১৪টি ম্যাচের মধ্যে ১২টিই হবে সন্ধ্যায়, বাকি দুটি অর্থাৎ ১৯ এপ্রিল ও ৩ মে এর খেলা হবে দুপুরে।

এবারের টুর্নামেন্ট আয়োজিত হবে কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুসহ মোট ১৩টি শহরে। আরসিবি, রাজস্থান ও পঞ্জাব একাধিক মাঠকে নিজেদের ‘হোম গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার করলেও কেকেআরসহ বাকি সাতটি দল একটি নির্দিষ্ট মাঠেই তাদের সব হোম ম্যাচ খেলবে। সব মিলিয়ে টানটান উত্তেজনা আর নির্বাচনের উত্তাপের মধ্যেই এবার ক্রিকেট উৎসবে মাততে চলেছে দেশ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন