সমকালীন প্রতিবেদন : আইপিএল মানেই শুধু ক্রিকেটারদের দাপট নয়, ম্যাচের মাঝে উত্তেজনা বাড়িয়ে তোলেন চিয়ারলিডাররা। অনেকেই একে ‘ক্রোড়পতি লিগ’ বলে থাকেন। কিন্তু এই তারকা ক্রিকেটারদের পাশাপাশি চিয়ারলিডারদেরও রয়েছে আলাদা আকর্ষণ। দর্শকরা ম্যাচের ফাঁকে তাদের নাচ-গান উপভোগ করেন। তবে প্রশ্ন উঠে, এই চিয়ারলিডারদের মাইনে আসলে কত? কোন ফ্র্যাঞ্চাইজি তাদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয়?
২৮ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল ২০২৬। প্রতি মরশুমের মতো এবারও মাঠে প্রধান আকর্ষণ হয়ে উঠবেন চিয়ারলিডাররা। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি চিয়ারলিডারদের বেতনের ক্ষেত্রে আলাদা নীতি অনুসরণ করে। বেতন বাঁধাধরা নয়; এটি ম্যাচ প্রতি নির্ধারিত হয় এবং পারফরম্যান্স বোনাস, ভ্রমণসূচি, জয়ের বোনাসসহ নানা বিষয়ের উপর নির্ভর করে।
জানা যায়, একটি পূর্ণ মরশুমে চিয়ারলিডাররা সাধারণত কমপক্ষে ২ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। তবে এই অঙ্ক সবার ক্ষেত্রে এক নয়। অভিজ্ঞতা, দলের অগ্রগতি এবং ম্যাচের সংখ্যার উপর নির্ভর করে উপার্জনের তারতম্য ঘটে। কেবল ম্যাচ ফি নয়, জয়ের বোনাস, লাক্সারি থাকা-খাওয়া এবং অন্যান্য সুবিধাও তাদের আয় বাড়িয়ে দেয়।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চিয়ারলিডারদের সর্বোচ্চ পারিশ্রমিক দেয় বলে জানা গেছে। শাহরুখ খানের মালিকানাধীন এই দল তাদের চিয়ারলিডারদের প্রতি ম্যাচে ২৪,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে। এই অঙ্কটি অন্যান্য দলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
কেকেআরের পরেই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এই দুই দল তাদের চিয়ারলিডারদের প্রতি ম্যাচে প্রায় ২০,০০০ টাকা করে পারিশ্রমিক দেয়। শক্তিশালী ব্র্যান্ড ইমেজ এবং ফ্যান এনগেজমেন্টের কারণে তারা অভিজ্ঞ চিয়ারলিডারদের আকৃষ্ট করতে সক্ষম হয়।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই দল তাদের চিয়ারলিডারদের ম্যাচ প্রতি ১৫,০০০ থেকে ১৭,০০০ টাকা দিয়ে থাকে। অন্যান্য দল যেমন পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস ইত্যাদি সাধারণত ১২,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে পারিশ্রমিক দিয়ে থাকে।
চিয়ারলিডারদের মধ্যে আবার ভূমিকা অনুসারেও পার্থক্য রয়েছে। মাঠে সরাসরি পারফর্ম করা অন-ফিল্ড চিয়ারলিডাররা বেশি পান (প্রায় ২৫,০০০ টাকা), আর অতিরিক্ত সদস্যরা কিছুটা কম (প্রায় ১৬,০০০ টাকা)। এছাড়া দল জিতলে অতিরিক্ত বোনাসও মিলতে পারে।
আইপিএল চিয়ারলিডারদের জীবন শুধু নাচ-গান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কঠোর অনুশীলন, ভ্রমণের ক্লান্তি এবং উচ্চ চাপ। তবু দর্শকদের উৎসাহ বাড়ানোর কাজে তাদের অবদান অস্বীকার করা যায় না। কেকেআরের মতো দলগুলো যেভাবে উদার হাতে পারিশ্রমিক দিচ্ছে, তা অন্য ফ্র্যাঞ্চাইজিদের জন্যও উদাহরণ হয়ে উঠতে পারে।
এবারের মরশুমে চিয়ারলিডারদের পারফরম্যান্স যেমন মাঠের উত্তেজনা বাড়াবে, তেমনি তাদের আয়ও নির্ভর করবে দলের সাফল্যের উপর। আইপিএলের এই ‘গ্ল্যামার’ অংশটি টুর্নামেন্টকে আরও রঙিন করে তোলে।










কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন